জামালপুরের মেলান্দহ উপজেলার দুরমুঠ মাজারকে কেন্দ্র করে বৈশাখ মাসব্যাপী অনুষ্ঠিত বৈশাখ মেলায় মাদক, জুয়া ও দেহব্যবসাসহ বিভিন্ন অসামাজিক কার্যক্রম বন্ধের দাবিতে স্মারকলিপি প্রদান করা হয়েছে।
স্মারকলিপিটি জামালপুর জেলা প্রশাসক, পুলিশ প্রশাসন, মেলান্দহ থানা ইনচার্জ এবং মেলান্দহ উপজেলা নির্বাহী কর্মকর্তার নিকট জমা দেওয়া হয়। পাশাপাশি বিষয়টি অবগত করা হয়েছে জামালপুর জেলা ও মেলান্দহ উপজেলা প্রেসক্লাব, স্থানীয় সাংবাদিকবৃন্দ এবং বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক সংগঠনকে।
স্মারকলিপিতে উল্লেখ করা হয়, মেলার আড়ালে দীর্ঘদিন ধরে নানা ধরনের অসামাজিক কার্যকলাপ পরিচালিত হচ্ছে, যা স্থানীয় সমাজব্যবস্থা ও তরুণ প্রজন্মের জন্য হুমকি হয়ে দাঁড়িয়েছে। দ্রুত এসব কার্যক্রম বন্ধে প্রশাসনের কার্যকর পদক্ষেপ গ্রহণের দাবি জানানো হয়েছে।
এতে আরও বলা হয়, যদি দ্রুত এসব অনিয়ম বন্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ না করা হয়, তাহলে জামালপুর জেলার সকল স্বেচ্ছাসেবী সংগঠন ঐক্যবদ্ধ হয়ে মানববন্ধনসহ কঠোর কর্মসূচি বাস্তবায়ন করবে।
