নিজস্ব প্রতিবেদক
জামালপুরের বকশীগঞ্জে বিশ্ব তামাকমুক্ত দিবস উপলক্ষে বর্ণাঢ্য মিনি ম্যারাথন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার (৩১ মে) সকাল ৬ টায় স্বেচ্ছাসেবী সংগঠন ‘অ্যান্টি স্মোকিং লাভার্স অ্যাসোসিয়েশন’ (ASLA)-এর উদ্যোগে এ কর্মসূচি পালন করা হয়। এবারের প্রতিপাদ্য ছিল— ‘তামাক শিল্পের কূটকৌশল উন্মোচন করি, তামাক ও নিকোটিনমুক্ত ভবিষ্যৎ গড়ি’।
সকাল ৬টায় বকশীগঞ্জ উপজেলা মডেল মসজিদের সামনে থেকে ৫ কিলোমিটার দূরত্বের মিনি ম্যারাথন শুরু হয়। দলটি পৌরসভার কামারপট্টি মোড়, গোয়ালগাঁও মোড় ও পানাতিয়া পাড়া মোড় হয়ে পুনরায় মডেল মসজিদ চত্বরে গিয়ে শেষ হয়। এতে জামালপুর জেলার বিভিন্ন এলাকা থেকে আগত প্রায় দুই শতাধিক প্রতিযোগী অংশগ্রহণ করেন।
ম্যারাথনে অংশ নেন ধানুয়া কামালপুর উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক ও জেলা পল্লী বিদ্যুৎ সমিতির সভাপতি মেজবাউল হক তুহিন এবং জামালপুর গারো হিলস রানার্স কমিউনিটির ফাউন্ডার ও আলো স্বেচ্ছাসেবী রক্তদান সংগঠনের সভাপতি ডা. হাবিবুর রহমান। কেন্দ্রীয় ছাত্রদলের সহ-সভাপতি শাজাহান শাওন, সাংবাদিক হায়দার, সাংবাদিক রিপন রাজ, সাংবাদিক ইলিয়াছ শাহ, সাইদুর রহমান, লিংকন, সহ আরো অনেকেই । জামালপুর গারো হিলস রানার্স কমিউনিটির সক্রিয় অংশগ্রহণে অনুষ্ঠানটি আরও প্রাণবন্ত হয়ে ওঠে।
ম্যারাথন শেষে উপজেলা মডেল মসজিদ অডিটোরিয়ামে আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অ্যান্টি স্মোকিং লাভার্স অ্যাসোসিয়েশনের সভাপতি সাদিকুর রহমান রুবেল। প্রধান অতিথি ছিলেন বকশীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মুরাদ হোসেন।
প্রধান অতিথি বলেন, তামাক ও নিকোটিনজাত পণ্যের ক্ষতিকর প্রভাব থেকে তরুণ সমাজকে রক্ষা করা জরুরি। একটি সুস্থ, সুন্দর ও তামাকমুক্ত সমাজ গঠনে তরুণদের অগ্রণী ভূমিকা রাখতে হবে।
সভাপতির বক্তব্যে সাদিকুর রহমান রুবেল বলেন, তরুণ প্রজন্মকে তামাকের ভয়াবহ প্রভাব থেকে রক্ষায় সচেতনতামূলক কার্যক্রম আরও জোরদার করা প্রয়োজন। এ জন্য সবার সম্মিলিত উদ্যোগ অপরিহার্য।
বিশেষ অতিথির বক্তব্যে ছাত্রদলের কেন্দ্রীয় সহ-সভাপতি শাজাহান শাওন মাদক ও মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে কঠোর অবস্থানের কথা তুলে ধরেন। তিনি বলেন, মাদক যুবসমাজকে ধ্বংসের দিকে ঠেলে দিচ্ছে। মাদকমুক্ত সমাজ গঠনে সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে এবং মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তুলতে হবে। তিনি তরুণদের খেলাধুলা, শিক্ষা ও সামাজিক কর্মকাণ্ডে সম্পৃক্ত হয়ে মাদকের বিরুদ্ধে সচেতন ভূমিকা পালনের আহ্বান জানান।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন উপজেলা স্যানিটারি ইন্সপেক্টর ও উপজেলা তামাক নিয়ন্ত্রণ কমিটির সদস্য মোস্তফা কামাল টিটন এবং জামালপুর পল্লী বিদ্যুৎ সমিতি বকশীগঞ্জ জোনাল অফিসের ডিজিএম মো. আকবর হোসেন মিয়া।
অনুষ্ঠানে অংশগ্রহণকারীদের জন্য বিশুদ্ধ পানি, স্যালাইন, খেজুর ও রিফ্রেশমেন্টের ব্যবস্থা করা হয়।
