শখের ভিডিওতেই ভাইরাল তাজুল, দুর্গম চরাঞ্চলের চিত্র তুলে ধরে আলোচনায়

 

কুড়িগ্রাম প্রতিনিধি

কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলার দুর্গম চর ইউনিয়ন নারায়ণপুরের তরুণ তাজুল ইসলাম শখের বসে ভিডিও প্রতিবেদন তৈরি করে সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়ে আলোচনায় এসেছেন।

নদীবেষ্টিত ও যোগাযোগব্যবস্থায় পিছিয়ে থাকা নারায়ণপুর ইউনিয়নের অধিকাংশ মানুষ কৃষি ও শ্রমনির্ভর পেশায় নিয়োজিত। কৃষিকাজ না থাকলে জীবিকার তাগিদে অনেকেই ঢাকাসহ দেশের বিভিন্ন এলাকায় রড মিস্ত্রি কিংবা গার্মেন্টস শ্রমিক হিসেবে কাজ করেন।

তাজুল ইসলামও তাদেরই একজন। পরিবারের ভরণপোষণের দায়িত্ব কাঁধে নিয়ে তিনি ঢাকায় রড মিস্ত্রি হিসেবে কাজ করেন। তবে কাজের ফাঁকে মোবাইল ফোনে ভিডিও ধারণ করে নিজ এলাকার অবহেলিত চিত্র তুলে ধরতেন সামাজিক যোগাযোগমাধ্যমে।

গত ২৬ মার্চ ২০২৬ নারায়ণপুর বাজারে জিলাপির দাম নিয়ে তার একটি ভিডিও প্রতিবেদন ফেসবুকে প্রকাশের পর তা ব্যাপক সাড়া ফেলে। ভিডিওটি দ্রুত ভাইরাল হলে তিনি সাধারণ মানুষের নজরে আসেন। এরপর ধারাবাহিকভাবে বিভিন্ন বিষয় নিয়ে কনটেন্ট তৈরি করে জনপ্রিয়তা অর্জন করেন তাজুল।

তার এই জনপ্রিয়তা গণমাধ্যমকর্মীদেরও দৃষ্টি আকর্ষণ করে। বিভিন্ন সংবাদমাধ্যম তার সাক্ষাৎকার গ্রহণ করলে তিনি আরও পরিচিতি লাভ করেন।

তবে হঠাৎ পাওয়া এই খ্যাতি কিছুটা বিড়ম্বনার কারণ হয়ে দাঁড়িয়েছে বলে জানিয়েছেন তাজুল ইসলাম। তিনি বলেন, “এখন অনেক সময় নিরাপত্তা নিয়ে চলাফেরা করতে হয়।”

বর্তমানে সামাজিক যোগাযোগমাধ্যমে অনেক কনটেন্ট নির্মাতা তাকে নিয়ে নতুন নতুন ভিডিও তৈরি করছেন। স্থানীয়দের মতে, তাজুল ইসলাম তার কাজের মাধ্যমে নারায়ণপুর ইউনিয়নের বাস্তব চিত্র তুলে ধরায় একপ্রকার অঘোষিত ‘ব্র্যান্ড অ্যাম্বাসেডর’ হিসেবে পরিচিতি পেয়েছেন।

এখন দেখার বিষয়, তিনি এই জনপ্রিয়তাকে কাজে লাগিয়ে এলাকার উন্নয়ন ও সমস্যাগুলো আরও জোরালোভাবে তুলে ধরতে পারেন কি না।

أحدث أقدم
দৈনিক আমার পত্রিকা
দৈনিক আমার পত্রিকা