রক্তের ব্যাগ মাটিতে রেখে পা দিয়ে স্পর্শের অভিযোগ, ভিডিও ধারণ; দায়িত্বে থাকা ব্যক্তির পরিচয় নিয়েও প্রশ্ন

 


নিজস্ব প্রতিবেদক:

জামালপুরের বকশীগঞ্জে আব্দুল গনী হেলথ কমপ্লেক্সে রক্তদানের সময় রক্তের ব্যাগ মাটিতে রেখে পা দিয়ে স্পর্শ করার অভিযোগ উঠেছে। এ ঘটনায় স্থানীয় রক্তদাতা ও স্বেচ্ছাসেবীদের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়েছে।

অভিযোগ সূত্রে জানা যায়, রোগীর প্রয়োজনে রক্ত দিতে রক্তদাতা আলো স্বেচ্ছাসেবী রক্তদান সংগঠন এর সরকারি কিয়ামত উল্লাহ কলেজ শাখার সদস্য শামীম আব্দুল গনী হেলথ কমপ্লেক্সে যান। এ সময় সেখানে দায়িত্বে থাকা এক ব্যক্তি রক্তের ব্যাগ মাটিতে রেখে বারবার পা দিয়ে স্পর্শ করেন ।

ঘটনাটি উপস্থিত স্বেচ্ছাসেবীদের নজরে এলে তাদের একজন নিজের মোবাইল ফোনে পুরো ঘটনাটি ভিডিও ধারণ করেন। পরে বিষয়টি নিয়ে স্বেচ্ছাসেবীদের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়।

স্বেচ্ছাসেবীরা জানান, মানবিক কাজে এগিয়ে এসে রক্তদান করতে গিয়ে এমন আচরণ অত্যন্ত দুঃখজনক । এতে রক্তদাতাদের সম্মানহানি হয়েছে বলে তারা মনে করছেন।

এদিকে ঘটনাটির সঙ্গে জড়িত ব্যক্তি আদৌ ল্যাব টেকনোলজিস্ট বা রক্ত সংগ্রহের দায়িত্বপ্রাপ্ত কর্মী কিনা—তা নিয়েও প্রশ্ন উঠেছে বলে স্বেচ্ছাসেবীরা জানিয়েছেন।

ঘটনার সুষ্ঠু তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করেছেন স্বেচ্ছাসেবীরা।

أحدث أقدم