বকশীগঞ্জে আসফের বগারচর ইউনিয়ন শাখার কার্যালয় উদ্বোধন

নিজস্ব প্রতিনিধি

জামালপুরের বকশীগঞ্জে আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা আইন সহায়তা ফাউন্ডেশন (আসফ/ASF)-এর বগারচর ইউনিয়ন শাখার নতুন কার্যালয়ের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে। সোমবার (৮ জুন) বিকেলে বকশীগঞ্জ উপজেলার সারমারা বাজারে সরকারি হাসপাতালের বিপরীতে অবস্থিত কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানের মাধ্যমে এর কার্যক্রমের শুভ সূচনা হয়।

অফিস উদ্বোধন উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি উপজেলা নির্বাহী কর্মকর্তা মুরাদ হোসেন এবং বিশেষ অতিথি বকশীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মকবুল হোসেন দাপ্তরিক ব্যস্ততার কারণে উপস্থিত থাকতে না পারলেও স্থানীয় নেতৃবৃন্দ ও জেলা কমিটির নেতাদের উপস্থিতিতে উৎসবমুখর পরিবেশে ফিতা কেটে কার্যালয়ের উদ্বোধন করা হয়।

উদ্বোধন-পরবর্তী আলোচনা সভায় সভাপতিত্ব করেন বগারচর ইউনিয়ন শাখার সভাপতি শেখ মোহাম্মদ সবুজ। অনুষ্ঠানে প্রধান উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন আসফ (ASF) জামালপুর জেলা শাখার সভাপতি আলহাজ মো. নুরুল ইসলাম চৌধুরী ননী। প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেন জেলা শাখার সাধারণ সম্পাদক মো. আহসান হাবীব চৌধুরী (স্বপন)।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বগারচর ইউনিয়ন শাখার উপদেষ্টা রেজাউল করিম, জেলা শাখার আইন বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট ওমর ফারুকসহ জেলা কমিটির অন্যান্য নেতৃবৃন্দ।

এ সময় বগারচর ইউনিয়ন শাখার সহ-সভাপতি বেলায়েত হোসেন, সহ-সভাপতি নুর শাহিন, সাংগঠনিক সম্পাদক আব্দুল আজিজ, প্রচার সম্পাদক এস এম মনির ও সমন্বয়কারী সদস্য হুমায়ুন কবিরসহ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী, সাধারণ সদস্য এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

বক্তারা তাঁদের বক্তব্যে মানবাধিকার রক্ষা, আইনি সহায়তা প্রদান এবং সামাজিক ন্যায়বিচার প্রতিষ্ঠায় সংগঠনের ভূমিকার ওপর গুরুত্বারোপ করেন। তারা বলেন, প্রত্যন্ত অঞ্চলের দরিদ্র, অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের দোরগোড়ায় আইনি সহায়তা পৌঁছে দিতে এবং সাধারণ মানুষের মধ্যে আইনি সচেতনতা বৃদ্ধি করতে এই কার্যালয় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।

আলোচনা সভা শেষে সংগঠনের উত্তরোত্তর সাফল্য, দেশ ও জাতির কল্যাণ কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়। পরে উপস্থিত অতিথি, গণমাধ্যমকর্মী ও স্থানীয় জনসাধারণের মাঝে মিষ্টি বিতরণের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।


নবীনতর পূর্বতন
দৈনিক আমার পত্রিকা
দৈনিক আমার পত্রিকা