কাঠারবিলে নদীভাঙনে বিলীন পুরাতন গ্রামের শেষ চিহ্ন, স্থায়ী বাঁধ নির্মাণের দাবি

 


নিজস্ব প্রতিনিধি: 

জামালপুরের দেওয়ানগঞ্জ উপজেলার কাঠারবিল এলাকায় ভয়াবহ নদীভাঙনে পুরাতন কাঠারবিল গ্রামের সর্বশেষ চিহ্নটুকুও নদীগর্ভে বিলীন হয়ে গেছে বলে জানিয়েছেন স্থানীয় বাসিন্দা আমিরুল ইসলাম।

তিনি বলেন, “কাঠারবিল গ্রামের সর্বউত্তর প্রান্তে আমাদের বাড়ি ছিল। এবছর নদীভাঙনে বাড়িভিটার শেষ অংশটুকুও নদীগর্ভে চলে গেছে। এর মধ্য দিয়ে পুরাতন কাঠারবিল গ্রামের শেষ চিহ্নটুকুও হারিয়ে গেল।”

আমিরুল ইসলাম জানান, দীর্ঘদিন ধরে নদীভাঙনের কবলে পড়ে এলাকার মানুষ দক্ষিণ দিক থেকে ধীরে ধীরে উত্তর দিকে বসতি স্থানান্তর করতে বাধ্য হয়েছেন। অনেক পরিবার আবার নদীর অপর পাড়ে গিয়ে নতুন করে বসবাস শুরু করেছে।

তিনি আরও বলেন, “বর্তমানে নদীভাঙন কাঠারবিল বাজার, স্কুল-কলেজসহ গুরুত্বপূর্ণ স্থাপনাগুলোর জন্য বড় হুমকি হয়ে দাঁড়িয়েছে। আর মাত্র কয়েক চেইন দূরেই এসব প্রতিষ্ঠান অবস্থিত। এলাকার সাধারণ মানুষ অনেক কষ্টে ও ত্যাগের মাধ্যমে এসব স্থাপনা গড়ে তুলেছেন।”

নদীভাঙন রোধে দ্রুত কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়ে তিনি দেওয়ানগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা, জামালপুরের জেলা প্রশাসক এবং সংশ্লিষ্ট জনপ্রতিনিধিদের দৃষ্টি আকর্ষণ করেন। একই সঙ্গে তিনি নদীর ঝুঁকিপূর্ণ অংশে জরুরি ভিত্তিতে স্থায়ী ও টেকসই বাঁধ নির্মাণের দাবি জানান।

স্থানীয়দের মতে, দ্রুত প্রতিরক্ষা ব্যবস্থা গ্রহণ না করা হলে আগামী বর্ষা মৌসুমে কাঠারবিল বাজার, শিক্ষাপ্রতিষ্ঠান ও আশপাশের বসতিগুলোও নদীগর্ভে বিলীন হওয়ার আশঙ্কা রয়েছে। ফলে তারা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন।

নবীনতর পূর্বতন
দৈনিক আমার পত্রিকা
দৈনিক আমার পত্রিকা