মাহিম বাবু, সিরাজগঞ্জ প্রতিনিধি:
সিরাজগঞ্জে তিন দিনব্যাপী জাতীয় ফল মেলার উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার (১৮ জুন) জেলা খামার বাড়ির আয়োজনে পৌর মুক্তমঞ্চে অনুষ্ঠিত এ মেলার উদ্বোধন করেন সিরাজগঞ্জের জেলা প্রশাসক আমিনুল ইসলাম। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিরাজগঞ্জ জেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইদুর রহমান বাচ্চু।
এবারের ফল মেলার প্রতিপাদ্য ছিল— “করবো মোরা ফল চাষ, সংরক্ষণ করব বারো মাস।”
মেলায় দেশীয় বিভিন্ন জাতের ফল, উন্নতমানের ফলজ গাছের চারা, কৃষি প্রযুক্তির প্রদর্শনী এবং নারীদের উৎপাদিত ফরমালিনমুক্ত ফলসহ নানা ধরনের কৃষিপণ্য প্রদর্শন করা হয়। দর্শনার্থীদের মধ্যে দেশীয় ফলের প্রতি আগ্রহ বাড়াতে বিভিন্ন স্টলে সচেতনতামূলক তথ্যও তুলে ধরা হয়।
অনুষ্ঠানে বক্তব্যে সাইদুর রহমান বাচ্চু বলেন, বর্তমান সময়ে অনেক শিশু-কিশোর ও তরুণ-তরুণী অতিরিক্ত তেলযুক্ত খাবারের প্রতি ঝুঁকে পড়ছে। তিনি সবাইকে দেশীয় ফল, বিশেষ করে আম, কাঁঠালসহ বিভিন্ন পুষ্টিকর ফল বেশি করে খাওয়ার আহ্বান জানান। তিনি আরও বলেন, দেশীয় ফলের ঐতিহ্য, পুষ্টিগুণ ও সমৃদ্ধিকে নতুন প্রজন্মের কাছে তুলে ধরা আমাদের সবার দায়িত্ব।
