কনস্টেবল থেকে এএসআই পদে পদোন্নতি, র‌্যাংক ব্যাজ পরিয়ে সম্মাননা দিলেন দিনাজপুরের পুলিশ সুপার



নারায়ন চন্দ্র রায়, দিনাজপুর প্রতিনিধি:
দিনাজপুর জেলা পুলিশের একজন কনস্টেবল পদোন্নতি পেয়ে সহকারী উপ-পরিদর্শক (এএসআই-নিরস্ত্র) হওয়ায় তাকে আনুষ্ঠানিকভাবে র‌্যাংক ব্যাজ পরিয়ে সম্মাননা প্রদান করা হয়েছে।
 
বৃহস্পতিবার (১৮ জুন) দিনাজপুর জেলা পুলিশ লাইন্সে আয়োজিত এক অনুষ্ঠানে পুলিশ হেডকোয়ার্টার্সের পদ বিভাজন অনুযায়ী দিনাজপুর জেলায় বিদ্যমান পদোন্নতিযোগ্য প্রকৃত শূন্য পদের বিপরীতে কনস্টেবল থেকে এএসআই (নিরস্ত্র) পদে পদোন্নতি পাওয়া ওই পুলিশ সদস্যকে ফুলেল শুভেচ্ছা জানিয়ে র‌্যাংক ব্যাজ পরিয়ে দেন দিনাজপুর জেলার পুলিশ সুপার মোঃ জেদান আল মুসা, পিপিএম।
 
এ সময় পুলিশ সুপার পদোন্নতিপ্রাপ্ত সদস্যকে অভিনন্দন জানিয়ে বলেন, পদোন্নতি শুধু মর্যাদা বৃদ্ধি নয়, বরং দায়িত্ব ও কর্তব্য পালনে আরও বেশি আন্তরিকতা, সততা, পেশাদারিত্ব এবং জনসেবার মানসিকতা নিয়ে কাজ করার অঙ্গীকার। তিনি নবপদোন্নতিপ্রাপ্ত কর্মকর্তাকে নিষ্ঠা, দক্ষতা ও সততার সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান জানান এবং তার ভবিষ্যৎ কর্মজীবনের সফলতা কামনা করেন।
 
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দিনাজপুর জেলার অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মোঃ রফিকুল আলম এবং অতিরিক্ত পুলিশ সুপার (ট্রাফিক) সুমন রঞ্জন সরকার। এছাড়াও জেলা পুলিশের অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তা ও সদস্যরা উপস্থিত থেকে পদোন্নতিপ্রাপ্ত কর্মকর্তাকে শুভেচ্ছা ও অভিনন্দন জানান।
 
অনুষ্ঠানটি সৌহার্দ্যপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হয়। পরে পদোন্নতিপ্রাপ্ত কর্মকর্তার উত্তরোত্তর সাফল্য ও কল্যাণ কামনা করা হয়।
أحدث أقدم
দৈনিক আমার পত্রিকা
দৈনিক আমার পত্রিকা