কাউনিয়ায় ভয়াবহ অগ্নিকাণ্ডে বসতঘর পুড়ে ছাই, নিঃস্ব পরিবার



মো: ইব্রাহিম, কাউনিয়া (রংপুর) প্রতিনিধি:
রংপুরের কাউনিয়া উপজেলার তকিপল বাজার সংলগ্ন হরিশ্বর গ্রামে ভয়াবহ অগ্নিকাণ্ডে একটি বসতঘর সম্পূর্ণ পুড়ে ছাই হয়ে গেছে। আগুনে ঘরের আসবাবপত্র, ধান, চালসহ নিত্যপ্রয়োজনীয় সব সামগ্রী ভস্মীভূত হওয়ায় ক্ষতিগ্রস্ত পরিবারটি মানবেতর অবস্থায় পড়েছে।

পারিবারিক সূত্রে জানা যায়, শনিবার গভীর রাতে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তের মধ্যেই আগুন হরিশ্বর গ্রামের মোকছেদ আলীর স্ত্রী হাসিনা বেগমের বসতঘরের চারদিকে ছড়িয়ে পড়ে। আগুনের লেলিহান শিখা দেখতে পেয়ে স্থানীয় বাসিন্দারা দ্রুত ঘটনাস্থলে ছুটে এসে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা চালান। তবে আগুনের তীব্রতা এতটাই বেশি ছিল যে ঘরের ভেতরে থাকা কোনো মালামাল রক্ষা করা সম্ভব হয়নি।

ক্ষতিগ্রস্ত হাসিনা বেগম জানান, আগুন লাগার সময় পরিবারের সদস্যরা ঘরের ভেতরে অবস্থান করছিলেন। হঠাৎ আগুনের শিখা দেখতে পেয়ে তারা দ্রুত ঘর থেকে বেরিয়ে এসে প্রাণে রক্ষা পান। কিন্তু চোখের সামনেই তাদের একমাত্র বসতঘর, বহু কষ্টে জমানো ধান-চাল, আসবাবপত্র ও দৈনন্দিন ব্যবহারের মূল্যবান সামগ্রী আগুনে পুড়ে ছাই হয়ে যায়।

স্থানীয়দের সহযোগিতায় আগুন নিয়ন্ত্রণে এলেও ততক্ষণে ঘরটির সম্পূর্ণ কাঠামো ধ্বংস হয়ে যায়। অগ্নিকাণ্ডে প্রায় ২ লাখ ৫০ হাজার টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে ক্ষতিগ্রস্ত পরিবার দাবি করেছে।

এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। ক্ষতিগ্রস্ত পরিবারটির পাশে দাঁড়াতে স্থানীয় জনপ্রতিনিধি ও বিত্তবানদের প্রতি মানবিক সহায়তার আহ্বান জানিয়েছেন এলাকাবাসী।
أحدث أقدم
দৈনিক আমার পত্রিকা
দৈনিক আমার পত্রিকা