ক্রয়কৃত জমির দখল নিয়ে দ্বন্দ্ব, নিরাপত্তা চান ইরানি বেগম ও তার পরিবার

 নিজস্ব প্রতিনিধি:

জামালপুরের বকশীগঞ্জ উপজেলার বগারচর ইউনিয়নের ঘাসিরপাড়া গ্রামে ক্রয়কৃত জমির দখল নিয়ে বিরোধের জেরে নিরাপত্তাহীনতায় ভুগছেন বলে অভিযোগ করেছেন ইরানি বেগম ও তার পরিবার। তিনি প্রশাসনের কাছে সুষ্ঠু তদন্ত ও প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।

ইরানি বেগম জানান, তিনি ২০১৪ সালের ৩ এপ্রিল বকশীগঞ্জ সাব-রেজিস্ট্রি অফিসে নিবন্ধিত ১৩০৮ নং দলিলমূলে হালিমের কাছ থেকে জমিটি ক্রয় করেন। কিন্তু ক্রয়ের পর থেকে একই গ্রামের শাহজালাল ও হেলাল ওই জমি দখলে রাখেন বলে তিনি অভিযোগ করেন।

তার দাবি, বিষয়টি নিয়ে এলাকার গণ্যমান্য ব্যক্তিদের উপস্থিতিতে একাধিকবার সালিশ ও মীমাংসা অনুষ্ঠিত হয়। সালিশের সিদ্ধান্ত অনুযায়ী কয়েকবার তাকে জমির দখল বুঝিয়ে দেওয়া হলেও পরবর্তীতে পুনরায় জমিটি দখল করা হয়। সর্বশেষ গতকাল এলাকার মুরুব্বিদের উপস্থিতিতে তিনি জমিটির দখল গ্রহণ করেন।

ইরানি বেগম বলেন, “এটি আমার ক্রয়কৃত জমি। দীর্ঘদিন ধরে জমির দখল নিয়ে ভোগান্তি পোহাতে হয়েছে। স্থানীয় মুরুব্বিদের সহযোগিতায় আমি জমির দখল ফিরে পেয়েছি। কিন্তু এরপরও আমাকে বিভিন্নভাবে ভয়ভীতি দেখানো হচ্ছে। আমি প্রশাসনের কাছে সুষ্ঠু তদন্ত ও প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবি জানাচ্ছি।”

এ বিষয়ে ইরানি বেগমের ছেলে ইয়ার হুসেন বলেন, “আমাদের বাড়ির পাশ দিয়ে যাতায়াতের রাস্তা থাকায় তারা আমাদের বিভিন্নভাবে হুমকি দিচ্ছে। প্রাণনাশের ভয় দেখানো হচ্ছে এবং অকথ্য ভাষায় গালিগালাজ করা হচ্ছে। এছাড়া আমাদের নামে মিথ্যা মামলা দায়ের ও মিথ্যা হামলার অভিযোগ আনার চেষ্টা চলছে। আমরা পরিবার নিয়ে নিরাপত্তাহীনতায় ভুগছি। বিষয়টির সুষ্ঠু তদন্ত করে প্রশাসনের কাছে ন্যায়বিচার ও নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানাচ্ছি।”

তবে অভিযোগের বিষয়ে শাহজালাল ও হেলালের বক্তব্য পাওয়া যায়নি। তাদের বক্তব্য পাওয়া গেলে তা প্রকাশ করা হবে।

এ ঘটনায় এলাকাবাসীর একটি অংশও বিষয়টির নিরপেক্ষ তদন্তের মাধ্যমে স্থায়ী সমাধানের দাবি জানিয়েছেন।

নবীনতর পূর্বতন
দৈনিক আমার পত্রিকা
দৈনিক আমার পত্রিকা