ভাঙ্গুড়া (পাবনা) প্রতিনিধিঃ
পাবনার ভাঙ্গুড়ায় বাংলাদেশ কলেজ শিক্ষক সমিতি (বাকশিস)-এর উপজেলা শাখার এক বছর মেয়াদি ১৮ সদস্যবিশিষ্ট কমিটি গঠন করা হয়েছে। এতে ভাঙ্গুড়া মহিলা ডিগ্রি কলেজের সহকারী অধ্যাপক মো. লুৎফর রহমান সভাপতি এবং অষ্টমনিষা টেকনিক্যাল অ্যান্ড বিএম কলেজের হাসিনুর রহমান সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন।
শনিবার (২০ জুন) ভাঙ্গুড়া মহিলা ডিগ্রি কলেজে অনুষ্ঠিত এক সভায় উপজেলার বিভিন্ন কলেজের অধ্যক্ষ ও শিক্ষকবৃন্দ অংশগ্রহণ করেন। সভায় শিক্ষক সমাজের পেশাগত উন্নয়ন, শিক্ষা ব্যবস্থার মানোন্নয়ন, সংগঠনের কার্যক্রম গতিশীলকরণ এবং শিক্ষক-কর্মচারীদের বিভিন্ন দাবি-দাওয়া নিয়ে আলোচনা করা হয়। আলোচনা শেষে পাঁচ সদস্যের উপদেষ্টা পরিষদসহ ১৮ সদস্যের কমিটি গঠন করা হয়।
উপদেষ্টারা হলেন— প্রভাষক জাফর ইকবাল হিরোক, অধ্যক্ষ মো. নজরুল ইসলাম, অধ্যক্ষ মো. মোফাজ্জল হোসেন, অধ্যক্ষ মো. সাহিনুর ইসলাম এবং সহকারী অধ্যাপক মো. আমিরুল ইসলাম।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ কলেজ শিক্ষক সমিতি (বাকশিস) পাবনা জেলা শাখার আহ্বায়ক সহকারী অধ্যাপক মো. নাজিম উদ্দিন (সাগর)। প্রধান বক্তা ছিলেন জেলা শাখার সদস্য সচিব সহকারী অধ্যাপক মো. মিজানুর রহমান (মিল্টন)।
ভাঙ্গুড়া মহিলা ডিগ্রি কলেজের সহকারী অধ্যাপক মো. লুৎফর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন খতিব জাহিদ স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ মো. সফিকুল ইসলাম। আমন্ত্রিত অতিথি হিসেবে বক্তব্য দেন প্রভাষক জাফর ইকবাল হিরোক, উপজেলা বিএনপির সদস্য সচিব এবং পৌর বিএনপির সভাপতি মো. রফিকুল ইসলামসহ অন্যান্যরা।
বক্তারা বলেন, দেশের উচ্চমাধ্যমিক ও কলেজ শিক্ষাকে আরও যুগোপযোগী করতে এবং মানসম্মত শিক্ষা বাস্তবায়নে শিক্ষকদের ঐক্যবদ্ধ ভূমিকা পালন করতে হবে। একই সঙ্গে শিক্ষকদের মর্যাদা ও ন্যায্য অধিকার প্রতিষ্ঠায় সংগঠনকে আরও শক্তিশালী করার ওপর গুরুত্বারোপ করা হয়।
অনুষ্ঠানের শেষে অংশগ্রহণকারী শিক্ষকরা পারস্পরিক পরিচিতি বিনিময় করেন এবং নবগঠিত কমিটির প্রতি শুভকামনা জানান।