রুমায় জন্ম ও মৃত্যু নিবন্ধন কার্যক্রম ত্বরান্বিতকরণে প্রশিক্ষণ



শৈহ্লাচিং মার্মা, রুমা প্রতিনিধিঃ
বান্দরবানে রুমায় জন্ম ও মৃত্যু নিবন্ধন কার্যক্রম ত্বরান্বিত করার লক্ষ্যে মৌজা হেডম্যান ও কারবারিদের অংশগ্রহণে এক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২৩ জুন) দুপুরে রুমা উপজেলা পরিষদ মিলনায়তনে এ প্রশিক্ষণের আয়োজন করা হয়।

 প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রুমা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) লিজা আক্তার বিথী।
তিনি বলেছেন কোন শিশু ভূমিষ্ঠ হওয়ার পর পরেই তার অভিভাবকের প্রথম কাজ,  ইউনিয়ন পরিষদ থেকে জন্ম নিবন্ধন করে নেয়া। শিশুটি বেড়ে ওঠার সাথে সাথে যথাসময়ে তাকে পার্শ্ববর্তী স্কুলে ভর্তি করে নিতে হবে।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন রুমা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা. পাপিয়া চৌধুরী, রেমাক্রি প্রাংসা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জিরা বম, ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা মংক্যহলা মারমা।

অনুষ্ঠানে বক্তারা বলেন, সঠিক ও সময়মতো জন্ম ও মৃত্যু নিবন্ধন নিশ্চিত করা নাগরিকের মৌলিক অধিকার। এ কার্যক্রমকে আরও গতিশীল ও শতভাগ বাস্তবায়নের জন্য মৌজা হেডম্যান ও কারবারিদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। তারা সকলকে জন্ম ও মৃত্যু নিবন্ধনের বিষয়ে সচেতনতা বৃদ্ধি এবং নিবন্ধন কার্যক্রমে সহযোগিতা করার আহ্বান জানান।

১নং পাইন্দু ও ৩নং রেমাক্রি ইউনিয়ন পরিষদের উদ্যোগে এবং উপজেলা প্রশাসনের সহযোগিতায় অনুষ্ঠিত এ প্রশিক্ষণে বিভিন্ন মৌজার হেডম্যান ও কারবারিরা অংশগ্রহণ করেন। 

প্রশিক্ষণে জন্ম ও মৃত্যু নিবন্ধন সংক্রান্ত আইন, বিধি-বিধান এবং নিবন্ধন প্রক্রিয়া সম্পর্কে বিস্তারিত ধারণা প্রদান করা হয়।

এই প্রশিক্ষণ কর্মশালায় সভাপতিত্ব করেন পাইন্দু ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান উহ্লামং মার্মা। সমাপনী বক্তব্যে তিনি বলেন পাহাড়ে এখন সব পাড়াতে পানি সংকট।  পানি সংকট নিরসনের জন্য প্রত্যেক পাড়ার পাশে পরিবেশ বান্ধব গাছের চারা লাগাতে হবে। এ ব্যাপারে পাড়া প্রধান কারবারী ও মৌজা হেডম্যান সহ জন প্রতিনিধিরা এগিয়ে আসতে হবে। 
নবীনতর পূর্বতন
দৈনিক আমার পত্রিকা