মোঃ শামীম আহমেদ, শিবচর উপজেলা প্রতিনিধিঃ
মাদারীপুরের শিবচরে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে এবং কৃষি মন্ত্রণালয়ের বাস্তবায়নাধীন প্রকল্পের আওতায় ‘পার্টনার পিএসএফ (প্ল্যান্ট সয়েল ফার্টিলিটি) কংগ্রেস-২০২৬’ উপলক্ষে এক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২৩ জুন) শিবচর উপজেলা কৃষি সম্প্রসারণ কার্যালয়ের হল রুমে এই সেমিনারের আয়োজন করা হয়।
শিবচর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) এইচ এম ইবনে মিজানের সভাপতিত্বে এবং কৃষি সম্প্রসারণ অফিসার আফরিন আলীর সঞ্চালনায় সেমিনারটি সকাল ১০টায় শুরু হয়ে দুপুরে উপজেলা কৃষি অফিস মিলনায়তনে সম্পন্ন হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের ফরিদপুর অঞ্চলের অতিরিক্ত পরিচালক কৃষিবিদ মোহাম্মদ খয়ের উদ্দিন মোল্লা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পিএসএফ (পার্টনার) প্রকল্প পরিচালক কৃষিবিদ মোঃ হাফিজ হাসান। এছাড়াও শিবচর উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ, সকল ইউনিয়নের উপসহকারী কৃষি কর্মকর্তা, বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান, জনপ্রতিনিধি এবং প্রান্তিক কৃষক ও পিএসএফ প্রকল্পের প্রশিক্ষণার্থীরা অনুষ্ঠানে অংশ নেন।
সেমিনারের শুরুতে স্বাগত বক্তব্যে প্রকল্পের ২০২৩ থেকে ২০৮২ সাল (২০২৩-২০২৮) মেয়াদি কর্মপরিকল্পনাসহ ‘প্রোগ্রাম অন এগ্রিকালচারাল অ্যান্ড রুরাল ট্রান্সফরমেশন ফর নিউট্রিশন, এন্টারপ্রেনিউরশিপ অ্যান্ড রেজিলিয়েন্স ইন বাংলাদেশ’ (পার্টনার) প্রকল্পের সার্বিক কার্যবিবরণী ও লক্ষ্য তুলে ধরা হয়।
সেমিনারে পিএসএফ প্রকল্পে প্রশিক্ষণ গ্রহণকারী নিলখির মিতু আক্তার বিষমুক্ত চাষাবাদ এবং ভেজালমুক্ত ফলমূল আবাদের বিষয়ে নিজের অভিজ্ঞতা ও লব্ধ জ্ঞান সবার সামনে বিস্তারিতভাবে তুলে ধরেন।
প্রধান অতিথির বক্তব্যে কৃষিবিদ মোহাম্মদ খয়ের উদ্দিন মোল্লা বলেন: "টেকসই কৃষি উৎপাদন নিশ্চিত করতে মাটির স্বাস্থ্য রক্ষা, সুষম সার ব্যবহারের পাশাপাশি আধুনিক কৃষি প্রযুক্তি ব্যবহারের কোনো বিকল্প নেই। কৃষকের উৎপাদন খরচ কমিয়ে অধিক ফলন নিশ্চিত করতে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর নিরলসভাবে বিভিন্ন কার্যক্রম বাস্তবায়ন করে যাচ্ছে। পার্টনার পিএসএফ প্রকল্পের মাধ্যমে কৃষকদের মাটির উর্বরতা বৃদ্ধি, পরিবেশবান্ধব কৃষি চর্চা এবং নিরাপদ খাদ্য উৎপাদনে উদ্বুদ্ধ করা হচ্ছে।"
তিনি সেমিনারে অংশগ্রহণকারী কৃষকদের উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে ১০টি গুরুত্বপূর্ণ বিষয়ে অবহিত করেন এবং বলেন, এ ধরনের প্রশিক্ষণ ও সেমিনার কৃষকদের আধুনিক কৃষি প্রযুক্তি সম্পর্কে জানার সুযোগ সৃষ্টি করে, যা মাঠ পর্যায়ে দেশের কৃষি উৎপাদন বৃদ্ধিতে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
অনুষ্ঠানের শেষ পর্বে উপস্থিত কৃষকদের কৃষিবিষয়ক বিভিন্ন সমস্যার সমাধান ও প্রশ্নের উত্তর দেন কৃষি বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তারা। পরিশেষে, দেশের সার্বিক কৃষি উন্নয়নে ও নিরাপদ খাদ্য নিশ্চিতকরণে সবাইকে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানিয়ে সেমিনারের সমাপ্তি ঘোষণা করা হয়।
