চিলমারীতে ব্লাড ক্যান্সারে আক্রান্ত ৪র্থ শ্রেণীর ছাত্রী শারমিন বাঁচতে চায়



আনোয়ারুল ইসলাম জুয়েল, চিলমারী ( কুড়িগ্রাম) প্রকিনিধিঃ
​কুড়িগ্রামের চিলমারী উপজেলার থানাহাট ইউনিয়নের রাধাবল্লভ ব্যাপীর হাট এলাকার ১০ বছর বয়সী শিশু শারমিন ব্লাড ক্যান্সারে আক্রান্ত হয়ে জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে দিন কাটাচ্ছে। অর্থের অভাবে প্রয়োজনীয় চিকিৎসা চালিয়ে যেতে না পেরে চরম অসহায় অবস্থার মধ্যে দিনাতিপাত করছে তার পরিবার। ​শারমিন স্থানীয় রাধাবল্লভ কালীরপাঠ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেণির শিক্ষার্থী। সে এলাকার ক্ষুদ্র কলা ব্যবসায়ী শাহ আলম ও আমেনা বেগম দম্পতির তিন সন্তানের মধ্যে দ্বিতীয়। সামান্য আয়ে যেখানে সংসার চালাতেই হিমশিম খেতে হয়, সেখানে মেয়ের এই ব্যয়বহুল চিকিৎসার খরচ বহন করা তার বাবার পক্ষে অসম্ভব হয়ে পড়েছে। এলাকার যুবক তুহিন আলম মুকুল জানান, “একটি পরিবার তাদের আদরের সন্তানকে চোখের সামনে ধীরে ধীরে নিভে যেতে দেখছে। এর চেয়ে কষ্টের আর কিছু হতে পারে না।"

 ​পরিবার সূত্রে জানা গেছে, কিছুদিন আগে শারমিনের শরীরে ব্লাড ক্যান্সার ধরা পড়ে। এরপর তাকে ঢাকার পিজি হাসপাতালে (বিএসএমএমইউ) চিকিৎসা দেওয়া হয়। চিকিৎসকেরা জানিয়েছেন, সময়মতো উন্নত চিকিৎসা ও প্রয়োজনীয় থেরাপি প্রদান করা গেলে শারমিনকে পুরোপুরি সুস্থ করে তোলা সম্ভব। তবে এই চিকিৎসার জন্য প্রায় ১০ লাখ টাকার প্রয়োজন।

​ইতোমধ্যে মেয়ের চিকিৎসার পেছনে পরিবারের সঞ্চয় ও সহায়-সম্বল যা ছিল তার প্রায় সবই ব্যয় হয়ে গেছে। বর্তমানে চরম অর্থ সংকটের কারণে নিরুপায় হয়ে শারমিনকে হাসপাতাল থেকে বাড়িতে ফিরিয়ে আনতে বাধ্য হয়েছেন তার বাবা-মা। ​অসহায় বাবা শাহ আলম তার মেয়ের চিকিৎসার জন্য প্রধান মন্ত্রী তারেক রহমান ও দেশ-বিদেশে অবস্থানরত সকল মানবিক এবং  দানশীল মানুষের কাছে আর্থিক সাহায্যের আকুল আবেদন জানিয়েছেন।  এলাকাবাসীর প্রত্যাশা, সমাজের বিত্তবান ও হৃদয়বান মানুষ এগিয়ে এলে শারমিনের চিকিৎসা সম্ভব হবে এবং সে আবারও স্বাভাবিক জীবনে ফিরতে পারবে। 
নবীনতর পূর্বতন
দৈনিক আমার পত্রিকা
দৈনিক আমার পত্রিকা