মাটিরাঙ্গায় জামগাছ থেকে পড়ে স্কুলছাত্রের মর্মান্তিক মৃ/ত্যু।

মোঃ আমিরুল ইসলাম দীঘিনালা খাগড়াছড়ি প্রতিনিধি। 

খাগড়াছড়ির মাটিরাঙ্গা উপজেলার বর্ণাল ইউনিয়নের লৈথলাপাড়া এলাকায় জামগাছ থেকে পড়ে রাকিব (১০) নামে চতুর্থ শ্রেণির এক স্কুলছাত্রের মর্মান্তিক মৃত্যু হয়েছে। বুধবার (২৪ জুন) বেলা সাড়ে ১১টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

নিহত রাকিব স্থানীয় কৃষক আব্দুর রহিমের ছেলে এবং থৈলাপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেণির শিক্ষার্থী।

স্থানীয় সূত্রে জানা যায়, সকালে স্কুলে যাওয়ার পথে বাড়ির পাশের একটি জামগাছের নিচে স্কুলব্যাগ রেখে জাম পাড়ার উদ্দেশ্যে গাছে ওঠে রাকিব। একপর্যায়ে গাছে থাকা লাল পিঁপড়ার কামড়ে ভারসাম্য হারিয়ে সে নিচে পড়ে যায়। পড়ে যাওয়ার সময় পাশের বাঁশের বেড়ার ওপর আছড়ে পড়লে বেড়ার একটি বাঁশ তার বুকের এক পাশ দিয়ে ঢুকে পিঠের দিক দিয়ে বের হয়ে যায়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

এদিকে, মাটিরাঙ্গা থানার অফিসার ইনচার্জ (ওসি) শাহেদ উদ্দিন জানান, ঘটনাটি সম্পর্কে তাকে এখনো কেউ আনুষ্ঠানিকভাবে অবগত করেনি এবং এ বিষয়ে কোনো অভিযোগও পাওয়া যায়নি। তবে তিনি বিষয়টি খোঁজ নিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের কথা জানিয়েছেন।

উক্ত ঘটনায়, এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। নিহত রাকিবের পরিবার ও স্বজনদের আহাজারিতে পুরো এলাকায় হৃদয়বিদারক পরিস্থিতির সৃষ্টি হয়েছে।

أحدث أقدم
দৈনিক আমার পত্রিকা