শেরপুর জেলার রৌহা ইউনিয়নের ১৩ নম্বর রৌহা ও ১২ নম্বর চোকআন্ধারিয়া দক্ষিণ পাড়া এলাকার গুরুত্বপূর্ণ সড়কটির বেহাল অবস্থার কারণে দীর্ঘদিন ধরে চরম দুর্ভোগ পোহাচ্ছেন স্থানীয় বাসিন্দারা। স্কুল, মাদ্রাসা, বাজার ও হাসপাতালে যাতায়াতের একমাত্র মাধ্যম হওয়া সত্ত্বেও বছরের পর বছর ধরে রাস্তাটির উন্নয়নে কার্যকর কোনো উদ্যোগ না নেওয়ায় ক্ষোভ প্রকাশ করেছেন এলাকাবাসী।
স্থানীয়দের অভিযোগ, সামান্য বৃষ্টিতেই সড়কটি কাদায় ডুবে গিয়ে চলাচলের সম্পূর্ণ অনুপযোগী হয়ে পড়ে। কোথাও কোথাও বড় বড় গর্তে পানি জমে ছোট পুকুরের আকার ধারণ করে। ফলে প্রতিদিন হাজারো মানুষের যাতায়াতে চরম ভোগান্তির সৃষ্টি হচ্ছে।
এলাকাবাসী জানান, এই রাস্তা দিয়েই প্রতিদিন স্কুল, মাদ্রাসা ও কলেজগামী শিক্ষার্থীদের চলাচল করতে হয়। বর্ষা মৌসুমে কাদার কারণে শিক্ষার্থীদের পোশাক নষ্ট হওয়া, পা পিছলে আহত হওয়া এবং নিয়মিত শিক্ষা কার্যক্রম ব্যাহত হওয়ার ঘটনা প্রায়ই ঘটে। অনেক অভিভাবক বর্ষাকালে সন্তানদের বিদ্যালয়ে পাঠাতে অনিচ্ছুক হয়ে পড়েন।
সবচেয়ে বেশি সমস্যায় পড়ছেন গর্ভবতী নারী, বয়স্ক ব্যক্তি ও গুরুতর অসুস্থ রোগীরা। রাস্তার করুণ অবস্থার কারণে অ্যাম্বুলেন্স বা অন্যান্য যানবাহন অনেক সময় গ্রামে প্রবেশ করতে পারে না। ফলে রোগীদের খাটিয়া বা কোলে করে মূল সড়ক পর্যন্ত নিয়ে যেতে হয়, যা ঝুঁকিপূর্ণ ও কষ্টসাধ্য।
এছাড়া কৃষকদের উৎপাদিত ফসল বাজারে নিতে বাড়তি পরিবহন ব্যয় গুনতে হচ্ছে। এতে কৃষিপণ্যের উৎপাদন খরচ বৃদ্ধি পাওয়ার পাশাপাশি স্থানীয় অর্থনীতিতেও নেতিবাচক প্রভাব পড়ছে বলে জানিয়েছেন ভুক্তভোগীরা।
স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, নির্বাচন এলেই জনপ্রতিনিধিরা রাস্তা সংস্কার ও পাকাকরণের প্রতিশ্রুতি দেন। কিন্তু নির্বাচন শেষ হওয়ার পর আর কোনো অগ্রগতি দেখা যায় না। বছরের পর বছর ধরে শুধু আশ্বাস মিললেও বাস্তবে সমস্যার সমাধান হয়নি।
এ বিষয়ে এলাকাবাসী দ্রুত সড়কটি সংস্কার ও পাকাকরণের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন। তাদের দাবি, দীর্ঘদিনের এই দুর্ভোগ থেকে মুক্তি দিতে অবিলম্বে ১৩ নম্বর রৌহা ও ১২ নম্বর চোকআন্ধারিয়া দক্ষিণ পাড়া সড়কের উন্নয়ন কাজ শুরু করা হোক।