বাবর ফিলিং স্টেশন দখল ও জাল দলিলের অভিযোগে সংবাদ সম্মেলন



মোঃ মাকসুদুর রহমান, শেরপুর প্রতিনিধিঃ
শেরপুরের মেসার্স বাবর ফিলিং স্টেশনের ব্যবসায়িক অংশীদার মো. বাবুল মিয়া অপর অংশীদার ফারুক আহমেদের বিরুদ্ধে ব্যবসায়িক জালিয়াতি, হিসাব গোপন, জ্বালানি তেল অনিয়ম এবং জাল দলিলের মাধ্যমে মালিকানা পরিবর্তনের চেষ্টার অভিযোগ তুলে সংবাদ সম্মেলন করেছেন।

শনিবার (২৭ জুন) বিকেল ৪টায় শেরপুর জেলা প্রেসক্লাব, নিউ মার্কেটে আয়োজিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে তিনি জানান, ২০২৪ সালের ডিসেম্বর থেকে উভয়ে যৌথভাবে ফিলিং স্টেশন পরিচালনা করে আসছিলেন। তিনি ব্যবসায় ৩ কোটি ৫৪ লাখ ৮৯ হাজার টাকা বিনিয়োগ করেছেন বলে দাবি করেন। কিন্তু পরবর্তীতে ফারুক আহমেদ ব্যবসার নিয়ন্ত্রণ এককভাবে নেওয়ার চেষ্টা করেন এবং বিভিন্ন অনিয়মে জড়িয়ে পড়েন বলে অভিযোগ করেন তিনি।

বাবুল মিয়ার দাবি, ফিলিং স্টেশনের জ্বালানি তেল অনিয়মের মাধ্যমে সরিয়ে নেওয়া, হিসাব গোপন এবং পাওয়ার অব অ্যাটর্নি দলিলে জালিয়াতির মাধ্যমে নিজের নামে ৯০ শতাংশ মালিকানা দেখানো হয়েছে। অথচ তার কাছে সংরক্ষিত মূল দলিলে এ ধরনের কোনো তথ্য নেই।

তিনি জানান, বিষয়টি নিয়ে ইতোমধ্যে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে লিখিত অভিযোগ দিয়েছেন এবং নিরপেক্ষ তদন্তের মাধ্যমে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।

সংবাদ সম্মেলনে বাবুল মিয়ার সঙ্গে তার সমর্থক ও কয়েকজন সাক্ষী উপস্থিত ছিলেন

উল্লেখ্য, সংবাদ সম্মেলনে উত্থাপিত অভিযোগগুলো অভিযোগকারী পক্ষের বক্তব্য। এ বিষয়ে অভিযুক্ত ফারুক আহমেদের বক্তব্য পাওয়া গেলে তা গুরুত্বসহকারে প্রকাশ করা হবে।
أحدث أقدم
দৈনিক আমার পত্রিকা