লালপুরে ইমো হ্যাকিং প্রতারক চক্রের ৫ সদস্য আটক

 


আবু তালেব, লালপুর (নাটোর) প্রতিনিধি :

নাটোরের লালপুর উপজেলায় ইমো ও সামাজিক যোগাযোগমাধ্যম হ্যাকিংয়ের মাধ্যমে প্রতারণায় জড়িত একটি চক্রের ৫ সদস্যকে আটক করেছে পুলিশ।

শুক্রবার (১ মে) রাতে উপজেলার দুড়দুড়িয়া ইউনিয়নের পানসিপাড়া গ্রামে অভিযান পরিচালনা করে লালপুর থানা পুলিশের একটি চৌকস দল। অভিযানে নেতৃত্ব দেন এসআই মোঃ মুনসুপ আলী, এসআই আল মাসুম ও এএসআই মোঃ আনছার আলী। তারা সঙ্গীয় ফোর্স নিয়ে সরকারি পিকআপ ও মোটরসাইকেলযোগে বিশেষ অভিযান চালিয়ে গ্রেফতারি পরোয়ানা তামিল ও আইনশৃঙ্খলা ডিউটির অংশ হিসেবে এ অভিযান পরিচালনা করেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার পানসিপাড়া গ্রামের মোঃ রফিজ মন্ডলের বাড়িতে বসে একটি চক্র অ্যান্ড্রয়েড মোবাইল ফোন ও ইন্টারনেট ব্যবহার করে হ্যাকিং, জালিয়াতি ও প্রতারণামূলক কর্মকাণ্ড চালাতো। তারা প্রবাসীদের হোয়াটসঅ্যাপ, ফেসবুক, মেসেঞ্জার ও ইমো আইডিতে বেআইনিভাবে প্রবেশ করে পাসওয়ার্ড পরিবর্তন করে আইডি নিজেদের নিয়ন্ত্রণে নিয়ে অর্থ আদায় করত।

আটককৃতরা হলেন—পানসিপাড়া গ্রামের মোঃ বাসেদ আলী (১৭), মোঃ আব্দুল্লাহ (১৯), আব্দুল্লাহ আল বায়োজিদ (১৮) এবং নওয়াপাড়া গ্রামের মোঃ লালন আলী (২১) ও মোঃ শাকিল (১৯)।

এ বিষয়ে লালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম জানান, প্রবাসীদের সামাজিক যোগাযোগমাধ্যম আইডি হ্যাক করে প্রতারণার অভিযোগে তাদের আটক করা হয়েছে। এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে এবং তদন্ত সাপেক্ষে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

أحدث أقدم