লালমনিরহাটে বিকাশ-নগদ প্রতারণা চক্রের ৩ সদস্য গ্রেফতার :



মোঃ তোছাদ্দেকুর রহমান,  লালমনিরহাট জেলা প্রতিনিধি।। 

লালমনিরহাটের আদিতমারী থানার একটি প্রতারণা মামলায় আন্তঃজেলা প্রতারক চক্রের তিন সদস্যকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ।

পুলিশ সূত্রে জানা যায়, আদিতমারী উপজেলার বাসিন্দা মোঃ আরিফুল ইসলাম (১৯) গত বছরের ১৬ নভেম্বর আদিতমারী থানায় একটি মামলা দায়ের করেন। মামলার এজাহারে উল্লেখ করা হয়, অজ্ঞাতনামা প্রতারকরা মোবাইল ফোনের মাধ্যমে ভয়ভীতি প্রদর্শন ও বিভ্রান্তি সৃষ্টি করে তার কাছ থেকে ওটিপি (OTP) কোড সংগ্রহ করে। পরে তার বিকাশ অ্যাকাউন্ট থেকে ৩২ হাজার ৭০০ টাকা এবং নগদ অ্যাকাউন্ট থেকে ৫২ হাজার টাকা প্রতারণার মাধ্যমে হাতিয়ে নেয়।

এছাড়া প্রতারকরা ভুক্তভোগীর অ্যাকাউন্ট ব্লক করে দিয়ে পুনরায় ২৩ হাজার টাকা দাবি করে এবং টাকা না দিলে অ্যাকাউন্ট খুলে দেওয়া হবে না বলে বিভিন্ন ধরনের হুমকি প্রদান করে।

এ ঘটনায় আদিতমারী থানায় ৪০৬/৪২০/৫০৬ ধারায় মামলা রুজু করা হয়। পরবর্তীতে পুলিশ সুপারের নির্দেশে মামলাটির তদন্তভার জেলা গোয়েন্দা শাখা (ডিবি) লালমনিরহাটের ওপর ন্যস্ত করা হয়।

ডিবি পুলিশের একটি চৌকস টিম তথ্যপ্রযুক্তির সহায়তায় অভিযান পরিচালনা করে গত ৬ এপ্রিল ২০২৬ সন্ধ্যায় মাগুরা জেলার শ্রীপুর থানাধীন এলাকা থেকে প্রথমে মোঃ রুবেল বিশ্বাস (২৮) কে গ্রেফতার করে। পরে তার দেওয়া তথ্যের ভিত্তিতে একই এলাকার তার বাড়ি থেকে ইউসুফ মোল্লা (৫০) ও টিটু মোল্লা (৩০) কে গ্রেফতার করা হয়।

পুলিশ জানায়, গ্রেফতারকৃতরা একটি সংঘবদ্ধ আন্তঃজেলা প্রতারক চক্রের সক্রিয় সদস্য। তারা দীর্ঘদিন ধরে ডিজিটাল ডিভাইস ব্যবহার করে বিকাশ ও নগদ অ্যাকাউন্টের মাধ্যমে সাধারণ মানুষের সঙ্গে প্রতারণা করে আসছিল। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা এ ঘটনার সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছে।

অভিযানের সময় তাদের কাছ থেকে প্রতারণার কাজে ব্যবহৃত একটি ভিভো ওয়াই২৯ মডেলের অ্যান্ড্রয়েড মোবাইল ফোন, একাধিক সিমকার্ড এবং সংশ্লিষ্ট আলামত উদ্ধার করা হয়।

এ বিষয়ে লালমনিরহাট ডিবির অফিসার ইনচার্জ (ওসি) সাদ আহমেদ জানান, গ্রেফতারকৃত আসামিদের আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে এবং তাদের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

أحدث أقدم