জামালপুর মেডিকেল কলেজ হাসপাতাল নির্মাণ ও পূর্ণাঙ্গ সেবা চালুর দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত



নিজস্ব প্রতিবেদক :

জামালপুর জেলার ২৬ লাখ মানুষসহ পার্শ্ববর্তী সীমান্তবর্তী জেলার বাসিন্দাদের উন্নত স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে জামালপুর মেডিকেল কলেজ হাসপাতাল ভবন দ্রুত নির্মাণ ও পূর্ণাঙ্গ চিকিৎসাসেবা চালুর দাবিতে মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

আজ সকাল ১১টা ৩০ মিনিটে জামালপুর জেনারেল হাসপাতাল প্রাঙ্গণে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন।

মানববন্ধনে সভাপতিত্ব করেন মানবাধিকার কর্মী ও সাংবাদিক জাহাঙ্গীর সেলিম। তিনি তার বক্তব্যে বলেন, এখানে শুধু জামালপুরের ২৬ লাখ মানুষই নয়, শেরপুর ও কুড়িগ্রামসহ আশপাশের জেলা থেকেও অসংখ্য রোগী চিকিৎসা নিতে আসেন। সব মিলিয়ে প্রায় অর্ধকোটি মানুষের চিকিৎসাসেবার কেন্দ্র হিসেবে এই হাসপাতাল গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে।

তিনি আরও বলেন, জামালপুরবাসীর প্রাণের দাবি হলো এই হাসপাতালের অবকাঠামো দ্রুত নির্মাণ সম্পন্ন করা এবং পূর্ণাঙ্গ চিকিৎসাসেবা চালু করা। একইসঙ্গে রোগীদের ভোগান্তি কমাতে আধুনিক সুযোগ-সুবিধা নিশ্চিত করার আহ্বান জানান তিনি।

মানববন্ধনে আজকের জামালপুর পত্রিকার সম্পাদক ও প্রকাশক এম এ জলিল, জামালপুর মেডিকেল কলেজ হাসপাতালের ছাত্রদলের সভাপতি আরাফাতসহ আরও অনেকে বক্তব্য রাখেন। বক্তারা বলেন, দীর্ঘদিন ধরে প্রকল্পটি ঝুলে থাকায় সাধারণ মানুষ চিকিৎসাসেবা থেকে বঞ্চিত হচ্ছে এবং দ্রুত কার্যকর পদক্ষেপ গ্রহণের দাবি জানান।

এছাড়া জামালপুর জেনারেল হাসপাতাল-এ জরুরি ভিত্তিতে আইসিইউ (Intensive Care Unit) চালুর দাবি জানিয়ে বক্তারা বলেন, উন্নত চিকিৎসা সুবিধা না থাকায় অনেক রোগীকে দূরবর্তী শহরে নিতে গিয়ে সময় ও অর্থ ব্যয় বেড়ে যাচ্ছে।

أحدث أقدم