দাখিল ২০২৬ পরীক্ষার্থীদের জন্য দোয়া মাহফিল অনুষ্ঠিত

আনোয়ারুল ইসলাম, চিলমারী (কুড়িগ্রাম) প্রতিনিধি:

২০২৬ সালের দাখিল পরীক্ষার্থীদের সাফল্য কামনায় চিলমারী সিনিয়র আলিম মাদরাসায় এক দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার শিক্ষক ও শিক্ষার্থীদের উদ্যোগে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

প্রতি বছরের ধারাবাহিকতায় এবারও দোয়া মাহফিলে ইবতেদায়ী ৫ম ও দাখিল ৮ম শ্রেণীর বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থী এবং দাখিল ও আলিম পরীক্ষায় জিপিএপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান করা হয়। এ সময় ২০২৫ সালে ইবতেদায়ী ৫ম শ্রেণীতে ৭ জন, দাখিল ৮ম শ্রেণীতে ৬ জন বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীসহ দাখিল ও আলিম জিপিএপ্রাপ্তদের মাঝে শুভেচ্ছা স্মারক ও ক্রেস্ট তুলে দেওয়া হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চিলমারী উপজেলা নির্বাহী অফিসার মাহমিদুল হাসান। তাঁকে প্রতিষ্ঠানে আগমন উপলক্ষে সম্মাননা স্মারক প্রদান করা হয়। প্রধান অতিথি তাঁর বক্তব্যে শিক্ষার্থীদের সাফল্যে সন্তোষ প্রকাশ করেন এবং নৈতিক ও সামাজিক শিক্ষায় এগিয়ে যাওয়ার পরামর্শ দেন। পাশাপাশি ইংরেজিতে বক্তব্য প্রদানকারী ৬ষ্ঠ শ্রেণীর শিক্ষার্থী শাহরিয়ারকে বিশেষভাবে উৎসাহিত করেন।

অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন চিলমারী সরকারি ডিগ্রি কলেজের সাবেক বাংলা অধ্যাপক ও রাজনীতিক নুর আলম মুকুল, কুড়িগ্রাম সরকারি কলেজের ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের সহযোগী অধ্যাপক সাইফুল ইসলাম, কুড়িগ্রাম আলিয়া মাদরাসার মোফাচ্ছের আব্দুল মাজেদসহ প্রতিষ্ঠানের বিভিন্ন শিক্ষকবৃন্দ।

এদিকে একই অনুষ্ঠানে অবসর গ্রহণজনিত কারণে সহকারী অধ্যাপক (রাষ্ট্রবিজ্ঞান) আফজালুল ইসলামকে বিদায় সংবর্ধনা দেওয়া হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মাদরাসার অধ্যক্ষ নাজমুল হক এবং সঞ্চালনায় ছিলেন সহকারী শিক্ষক (ইংরেজি) মশিউর রহমান।


নবীনতর পূর্বতন