বকশীগঞ্জে গণমাধ্যমকর্মীদের সঙ্গে নবাগত ইউএনও’র মতবিনিময় সভা অনুষ্ঠিত

 


বকশীগঞ্জ (জামালপুর) প্রতিনিধি:

জামালপুরের বকশীগঞ্জ উপজেলায় স্থানীয় গণমাধ্যমকর্মীদের সঙ্গে মতবিনিময় সভা করেছেন নবাগত উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোরাদ হোসেন।

বৃহস্পতিবার (৯ এপ্রিল) বিকেলে উপজেলা পরিষদ সভাকক্ষে এ সভার আয়োজন করা হয়। এতে উপজেলার বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা অংশগ্রহণ করেন।

মতবিনিময় সভায় সাংবাদিক নেতারা তাদের বক্তব্যে এলাকার সার্বিক উন্নয়ন, বিভিন্ন সমস্যা ও গুরুত্বপূর্ণ বিষয় তুলে ধরেন। বিশেষ করে শিক্ষার মানোন্নয়ন, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সেবার মান বৃদ্ধি, গ্রামীণ সড়কের বেহাল অবস্থা, অবৈধ বালু উত্তোলন এবং মাদক নিয়ন্ত্রণসহ নানা বিষয়ে আলোচনা হয়।

সাংবাদিকরা বলেন, শিক্ষার গুণগত মান উন্নয়নে কার্যকর পদক্ষেপ গ্রহণ জরুরি। পাশাপাশি গ্রামীণ যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন না হলে এলাকার অর্থনৈতিক অগ্রগতি বাধাগ্রস্ত হবে। এছাড়া নদী থেকে অবৈধ বালু উত্তোলনের কারণে পরিবেশের ক্ষতি ও নদীভাঙনের ঝুঁকি বৃদ্ধি পাচ্ছে বলেও তারা উল্লেখ করেন।

নবাগত ইউএনও মোরাদ হোসেন সাংবাদিকদের বক্তব্য মনোযোগ সহকারে শোনেন এবং উত্থাপিত সমস্যাগুলোর সমাধানে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আশ্বাস দেন। তিনি বলেন, “উপজেলার উন্নয়নে প্রশাসন ও গণমাধ্যম একসঙ্গে কাজ করলে ইতিবাচক পরিবর্তন আনা সম্ভব। আমি সকলের সহযোগিতা কামনা করছি।”

এসময় উপজেলা প্রেসক্লাবের সদস্যসহ স্থানীয় গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।

নবীনতর পূর্বতন