চড়া দামে পেট্রোল বিক্রি: সারমারা বাজারে মিনি পাম্পে জরিমানা

জামালপুরের বকশীগঞ্জ উপজেলার সারমারা বাজারে অবৈধভাবে চড়া দামে পেট্রোল বিক্রির দায়ে একটি মিনি পাম্পকে ১০ হাজার টাকা জরিমানা করেছে উপজেলা প্রশাসন।

জানা গেছে, গত বৃহস্পতিবার (২৬ মার্চ) সকালে সারমারা পশ্চিম বাজারে মো. অমিল মিয়ার পরিচালিত একটি মিনি পাম্পে প্রতি লিটার পেট্রোল ২০০ টাকায় বিক্রির একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। ভিডিওটি ভাইরাল হলে সাধারণ মানুষের মধ্যে ব্যাপক ক্ষোভের সৃষ্টি হয়।

ঘটনার পরপরই বকশীগঞ্জ উপজেলা প্রশাসন দ্রুত অভিযান পরিচালনা করে। সহকারী কমিশনার (ভূমি) ঘটনাস্থলে পৌঁছে দোকানটি বন্ধ অবস্থায় পান। এ সময় অনিয়মের সত্যতা পেয়ে দোকানটি তালাবদ্ধ করে দেন তিনি।

পরবর্তীতে শুক্রবার (২৭ মার্চ) সকাল ১১টার দিকে পুনরায় ঘটনাস্থলে গিয়ে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। এ সময় অভিযুক্ত ব্যবসায়ীকে নগদ ১০ হাজার টাকা জরিমানা করা হয়।

স্থানীয়দের অভিযোগ, দীর্ঘদিন ধরে একটি চক্র অতিরিক্ত দামে জ্বালানি বিক্রি করে সাধারণ মানুষকে জিম্মি করে আসছিল। প্রশাসনের এ অভিযানে স্বস্তি প্রকাশ করলেও তারা স্থায়ীভাবে এ ধরনের অনিয়ম বন্ধে কঠোর নজরদারির দাবি জানিয়েছেন।

এ বিষয়ে বকশীগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আসমাউল হুসনা বলেন, জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে এবং কোনোভাবেই ভোক্তা অধিকার লঙ্ঘন সহ্য করা হবে না।

أحدث أقدم