জামালপুরে দুই খালের খনন ও পুনঃখনন কাজের উদ্বোধন

 


নিজস্ব প্রতিবেদক

১৬ মার্চ (সোমবার) দেশব্যাপী নদী-নালা-খাল ও জলাধার খনন ও পুনঃখনন কর্মসূচি–২০২৬ এর আওতায় জামালপুরের ইসলামপুর ও মাদারগঞ্জ উপজেলায় দুইটি খালের খনন ও পুনঃখনন কাজের শুভ উদ্বোধন করা হয়েছে।

সোমবার (১৬ মার্চ) সকালে জামালপুরের ইসলামপুর উপজেলার গাইবান্ধা ইউনিয়নের কাটাখালি (জিয়া খাল) পুনঃখনন কাজের উদ্বোধন করেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ও জামালপুর-১ আসনের সংসদ সদস্য এম. রশিদুজ্জামান মিল্লাত, এমপি।

উদ্বোধনী বক্তব্যে প্রতিমন্ত্রী বলেন, “কৃষক বাঁচলে বাঁচবে দেশ সবার আগে বাংলাদেশ।” তিনি বলেন, খাল পুনঃখননের মাধ্যমে জলাবদ্ধতা কমবে, কৃষকদের সেচ সুবিধা বাড়বে এবং কৃষি উৎপাদন বৃদ্ধি পাবে। পাশাপাশি মাছ চাষের সুযোগ সৃষ্টি হবে, পরিবেশের ভারসাম্য রক্ষা পাবে, নৌ চলাচলের সুবিধা বাড়বে এবং ভূগর্ভস্থ পানির স্তর স্বাভাবিক রাখতে সহায়তা করবে।

এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামালপুর-২ আসনের সংসদ সদস্য এ.ই সুলতান মাহমুদ বাবু, জামালপুর-৫ আসনের সংসদ সদস্য শাহ মো. ওয়ারেছ আলী মামুন, জামালপুর-৪ আসনের সংসদ সদস্য মো. ফরিদুল কবীর তালুকদার এবং জামালপুর-৩ আসনের সংসদ সদস্য মো. মোস্তাফিজুর রহমান বাবুল। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জামালপুরের জেলা প্রশাসক মোহাম্মদ ইউসুপ আলী এবং সঞ্চালনা করেন ইসলামপুর উপজেলার উপজেলা নির্বাহী কর্মকর্তা নাজমুল হুসাইন।

একই দিন বিকাল সাড়ে ৩টার দিকে জামালপুরের মাদারগঞ্জ উপজেলায় পশ্চিম পলিশা মোড় থেকে দুধিয়াগাছা পর্যন্ত প্রায় ৫ কিলোমিটার দীর্ঘ পলিশা খাল খনন কাজের শুভ উদ্বোধন করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রতিমন্ত্রী এম. রশিদুজ্জামান মিল্লাত, এমপি।

এ সময় স্থানীয় জনপ্রতিনিধি, প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও এলাকার গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন। বক্তারা বলেন, খাল খনন ও পুনঃখননের মাধ্যমে এলাকার পানি নিষ্কাশন ব্যবস্থা উন্নত হবে এবং কৃষি উৎপাদন বৃদ্ধির পাশাপাশি স্থানীয় অর্থনীতিতেও ইতিবাচক প্রভাব পড়বে।

أحدث أقدم