জাতীয় ঈদগাহে প্রধান ঈদ জামাত অনুষ্ঠিত, শান্তির আহ্বান



স্টাফ রিপোর্টার

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে দেশের প্রধান ঈদ জামাত অনুষ্ঠিত হয়েছে রাজধানীর জাতীয় ঈদগাহ ময়দানে। শনিবার সকাল সাড়ে ৮টায় অনুষ্ঠিত এই জামাতে অংশ নেন রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিন ও প্রধানমন্ত্রী তারেক রহমান।

সকাল ৮টা ২০ মিনিটে ঈদগাহে প্রবেশ করেন প্রধানমন্ত্রী এবং পাঁচ মিনিট পর রাষ্ট্রপতি সেখানে পৌঁছান। দীর্ঘ তিন দশকেরও বেশি সময় পর জাতীয় ঈদগাহ ময়দানে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী একসঙ্গে ঈদের নামাজ আদায় করেন।

ঈদ জামাতে আরও উপস্থিত ছিলেন প্রধান বিচারপতি জুবায়ের রহমান চৌধুরী, সুপ্রিম কোর্ট ও হাইকোর্ট বিভাগের বিচারপতি, মন্ত্রিপরিষদের সদস্য, রাজনৈতিক নেতা, কূটনীতিক এবং সরকারের ঊর্ধ্বতন কর্মকর্তারা।

নামাজে ইমামতি করেন বায়তুল মোকাররম জাতীয় মসজিদের খতিব মুফতি আব্দুল মালেক। খুতবা শেষে বিশেষ মোনাজাতে দেশের শান্তি, সমৃদ্ধি এবং বিশ্বব্যাপী সংঘাত-সংকট থেকে মুক্তির জন্য দোয়া করা হয়।

বিশ্বের বিভিন্ন স্থানে চলমান যুদ্ধ ও অস্থিরতার প্রেক্ষাপটে এবারের ঈদ জামাতে শান্তির আহ্বান বিশেষভাবে গুরুত্ব পায়। মুসল্লিরা ফিৎনা–ফ্যাসাদ বন্ধ এবং মানবতার কল্যাণ কামনা করেন।

ঈদের সকালে আকাশ মেঘলা থাকলেও নামাজ নির্বিঘ্নে সম্পন্ন হয়। সকাল থেকেই ধর্মপ্রাণ মুসল্লিরা সারিবদ্ধভাবে ঈদগাহে প্রবেশ করেন। নিরাপত্তার জন্য আর্চওয়ে ও মেটাল ডিটেক্টরের মাধ্যমে তল্লাশি চালানো হয় এবং পুরো এলাকা সিসিটিভির আওতায় রাখা হয়।

মৎস্য ভবন, প্রেসক্লাব ও শিক্ষা ভবন এলাকায় ব্যারিকেড বসিয়ে যান চলাচল নিয়ন্ত্রণ করা হয়। নির্ধারিত সময়ের আগেই ঈদগাহ ময়দান পূর্ণ হয়ে গেলে অনেকে আশপাশের রাস্তায় নামাজ আদায় করেন।

নবীনতর পূর্বতন