নিজস্ব প্রতিবেদক:
পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে বাড়তি যানবাহনের চাপ সামাল দিতে জামালপুরের বকশীগঞ্জ বাস স্ট্যান্ড মোড়ে যানজট নিরসনে কাজ করছে ছাত্রদলের নেতাকর্মীরা। কেন্দ্রীয় ছাত্রদলের সহ-সভাপতি শাহজাহান শাওনের নেতৃত্বে এ কার্যক্রম পরিচালিত হচ্ছে।
ঈদকে ঘিরে যাত্রীদের ভিড় ও যানবাহনের চাপ বেড়ে যাওয়ায় দীর্ঘদিন ধরে এ এলাকায় তীব্র যানজটের সৃষ্টি হচ্ছিল। এতে চরম ভোগান্তিতে পড়তে হচ্ছিল সাধারণ মানুষকে। এমন পরিস্থিতিতে জনদুর্ভোগ কমাতে ও সড়কে শৃঙ্খলা ফেরাতে স্বেচ্ছাশ্রমের ভিত্তিতে মাঠে নামেন ছাত্রদলের নেতাকর্মীরা।
তারা নিয়মিত যান চলাচল নিয়ন্ত্রণ, যানবাহন সঠিকভাবে সারিবদ্ধ করা এবং যাত্রীদের চলাচলে সহায়তা করে যাচ্ছেন। ফলে ব্যস্ত এই এলাকায় যান চলাচল অনেকটাই স্বাভাবিক হয়েছে এবং মানুষের ভোগান্তিও কমেছে।
এ সময় বকশীগঞ্জ উপজেলা ও বিভিন্ন ইউনিয়ন ছাত্রদলের নেতা-কর্মীদের মধ্যে উপস্থিত ছিলেন রহমত আলী, সাইয়ুম, মেহেদী হাসান, আকাশ, খোকনসহ আরও অনেকে।
স্থানীয় ব্যবসায়ী ও পথচারীরা জানান, ঈদের মতো ব্যস্ত সময়ে এ ধরনের উদ্যোগ অত্যন্ত প্রশংসনীয়। তাদের মতে, প্রশাসনের পাশাপাশি রাজনৈতিক ও সামাজিক সং ইরিগঠনগুলোর এমন স্বেচ্ছাসেবী কার্যক্রম জনদুর্ভোগ লাঘবে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।
ছাত্রদলের নেতাকর্মীরা জানিয়েছেন, ঈদের আগের ও পরের ব্যস্ত সময়গুলোতে তাদের এ কার্যক্রম অব্যাহত থাকবে, যাতে করে সাধারণ মানুষ নির্বিঘ্নে যাতায়াত করতে পারে।
