নিজস্ব প্রতিবেদক
জামালপুরের বকশীগঞ্জে ঐতিহ্যবাহী শত বছরের সারমারা অষ্টমী মেলায় মানুষের ঢল নেমেছে। বৃহস্পতিবার (২৬ মার্চ) বগারচর ইউনিয়নের সারমারা সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে সর্বস্তরের মানুষের উপস্থিতিতে উৎসবমুখর পরিবেশে দিনব্যাপী মেলাটি অনুষ্ঠিত হয়।
প্রত্যেক বছরের ন্যায় এ বছরও বগারচর ইউনিয়ন পরিষদের উদ্যোগে খোলা ডাকের মাধ্যমে মেলাটি ইজারা প্রদান করা হয়। এতে সর্বোচ্চ দরদাতা হিসেবে জয়নাল আবেদীন (ফকির) মেলার ইজারা লাভ করেন।
মেলাকে ঘিরে ছিল নানা আয়োজন। বিনোদনমূলক খেলাধুলার পাশাপাশি শত শত দোকানে গ্রামীণ ঐতিহ্যের বিভিন্ন খাবার বিক্রি করা হয়। মিষ্টি, চিনির তৈরি সাজ, গুড়ের তৈরি উলফা এবং নানা ধরনের শুকনো খাবারের ঝুড়ি সাজিয়ে বসেন বিক্রেতারা।
খোঁজ নিয়ে জানা গেছে, বকশীগঞ্জ উপজেলার বগারচর ইউনিয়নের সারমারা সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠ ও পাবলিক মাঠে প্রায় শত বছর ধরে এই অষ্টমী মেলা অনুষ্ঠিত হয়ে আসছে। চৈত্র ও বৈশাখ মাস এলেই নতুন অতিথিদের আগমন ঘটে এ এলাকায়। মেলাকে কেন্দ্র করে লক্ষাধিক মানুষের সমাগম হয়, যা পুরো এলাকাকে পরিণত করে প্রাণবন্ত উৎসবে।
মেলা উদযাপন কমিটির সমেলা উদযাপন কমিটির সভাপতি জয়নাল আবেদীন ফকির জানান, শতবর্ষী এই মেলায় দেশের বিভিন্ন জেলা থেকে মানুষ অংশগ্রহণ করেন। মেলার ঐতিহ্য হিসেবে জামাই, নাতি-নাতনীদের দাওয়াত দেওয়ার রীতি এখনও প্রচলিত রয়েছে। তিনি আরও জানান, গত বছর গুলোতে তারা মেলাতে নানান ধরনের অপকর্ম লক্ষ্য করেছেন, কিন্তু এবারের মেলাটি সম্পূর্ণ সুষ্ঠুভাবে পরিচালিত হচ্ছে। এছাড়া তিনি দাবি করেছেন, এবার মেলাতে কোন প্রকার জোয়া বা অশ্লীলতা নেই। মেলা আয়োজন কমিটি এবারের আয়োজনকে সফল বলে উল্লেখ করেছেন।
