নিজস্ব সংবাদদাতা
জামালপুরে বিভিন্ন ইফতার সামগ্রীর দোকানে অভিযান পরিচালনা করে দুটি স্বনামধন্য রেস্টুরেন্টসহ চারটি দোকানকে মোট ৪০ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর ও নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ। আজ বুধবার (২৫ ফেব্রুয়ারি) বিকেলে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক মো. শরিফুল ইসলাম ও নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের জেলা নিরাপদ খাদ্য কর্মকর্তা মারশাল হোসেন অভি যৌথভাবে এই অভিযান পরিচালনা করেন।
শহরের তলমালতলা মোড় থেকে খাদ্যে ভেজালবিরোধী এই অভিযান শুরু হয়। অভিযানকালে তমালতলা এলাকার তাজ ক্যাফে, রংধনু রেস্টুরেন্টে বেসন, সয়াবিন তেল, জিলাপি, দইসহ ইফতার তৈরির বিভিন্ন কাঁচামাল পরীক্ষা ও পরিদর্শন করা হয়। এ সময় অত্যাধুনিক প্রযুক্তি ব্যবহার করে তাৎক্ষণিকভাবে খাদ্যে ক্ষতিকর উপদানের উপস্থিতি পরীক্ষা করা হয়। পরীক্ষা ও পরিদর্শন শেষে তাজ ক্যাফে ও রংধনু রেস্টুরেন্টের রান্না ঘরে বেগুনি বানানোর বেগুনে পোকা পাওয়ায় তাজ ক্যাফেকে ২০ হাজার টাকা ও রংধনু রেস্টুরেন্টকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়। পরে শহরের ফৌজদারি মোড়ে দুটি অস্থায়ী ইফতার সামগ্রীর দোকানে খাবার ঢেকে না রাখায় প্রত্যেক দোকানমালিককে পাঁচ হাজার টাকা করে ১০ হাজার টাকা জরিমানা করা হয়।
এ ছাড়া অস্থায়ী দুধের বাজার পরিদর্শন করে দুধ পরীক্ষা করা হয়। রমজান মাসজুড়ে এ অভিযান অব্যাহত থাকবে বলে জানান জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক মো. শরিফুল ইসলাম।
