পবিত্র মাহে রমজান ২০২৬ উপলক্ষে সাশ্রয়ী মূল্যে দুধ ও ডিম বিক্রয় উদ্বোধন

 


নিজস্ব প্রতিবেদক 

পবিত্র মাহে রমজান ২০২৬ উপলক্ষে জামালপুরে সাশ্রয়ী মূল্যে দুধ ও ডিম বিক্রয় কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে।

জামালপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা নাজনীন আখতার এর উপস্থিতিতে ময়না এগ্রো, হাই স্কুল মোড়, জামালপুরে বিক্রয় পয়েন্টটির আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ শরিফ আব্দুল বাসেত ।



রমজান মাসে সাধারণ মানুষের ক্রয়ক্ষমতার কথা বিবেচনা করে এ উদ্যোগ গ্রহণ করা হয়েছে। নির্ধারিত মূল্য অনুযায়ী দুধ ৭০ টাকা প্রতি লিটার এবং ডিম ৭ টাকা ৫০ পয়সা প্রতি পিস দরে বিক্রয় করা হচ্ছে। প্রতিদিন বিকাল ৩টা থেকে এ কার্যক্রম পরিচালিত হবে। বিক্রয় পয়েন্টটি পরিচালনা করছেন মোছা : আশিকুল নাহার।

উদ্বোধনী বক্তব্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা নাজনীন আখতার বলেন, রমজান মাসে নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্য সহনীয় রাখতে এবং সাধারণ মানুষের ভোগান্তি কমাতে এ উদ্যোগ গ্রহণ করা হয়েছে। তিনি জানান, জামালপুর সদর উপজেলায় মোট ৮টি পয়েন্টে একযোগে এই কার্যক্রম পরিচালিত হচ্ছে। ভবিষ্যতে আরো কৃষিপণ্য যুক্ত করে কার্যক্রম অব্যাহত থাকবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

ক্রেতাদের মধ্যে থেকে আনিসুজ্জামান বলেন, রমজান মাসে নিত্যপ্রয়োজনীয় পণ্য সহজলভ্য ও ন্যায্য মূল্যে সরবরাহ করার জন্য জেলা প্রশাসন ও জেলা প্রাণিসম্পদ বিভাগকে ধন্যবাদ জানাই। এ ধরনের উদ্যোগ সাধারণ মানুষের জন্য অত্যন্ত উপকারী।

জেলা প্রশাসন ও জেলা প্রাণিসম্পদ বিভাগ, জামালপুরের সহযোগিতায় পরিচালিত এ কার্যক্রম রমজান মাসজুড়ে চলবে বলে জানা গেছে।

নবীনতর পূর্বতন