মোঃ আমজাদ হোসেন,
জয়পুরহাটের পাঁচবিবিতে ফ্রিল্যান্সিং ও কম্পিউটার প্রশিক্ষণপ্রাপ্ত শিক্ষার্থীদের মাঝে সনদ বিতরণ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১০ জুন ২০২৬) সকাল ১১টা থেকে দুপুর ১টা ৩০ মিনিট পর্যন্ত এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
পত্নীতলা ব্যাটালিয়ন (১৪ বিজিবি), নওগাঁর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোঃ আব্দুল্লাহ আল মামুন, পিএসসি-এর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী বিভাগের বিভাগীয় কমিশনার ড. আ. ন. ম. বজলুর রশিদ।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সেক্টর সদর রাজশাহীর উপ-পরিচালক কর্নেল সৈয়দ কামাল হোসেন, পিএসসি, রাজশাহী রেঞ্জের উপ-মহাপরিদর্শক মোহাম্মদ শাহজাহান আলী, বিপিএম (বার), পিএসএম, রাজশাহী রেঞ্জের উপ-পরিচালক (আনসার ও ভিডিপি) ড. মোঃ শফিকুল ইসলাম, জয়পুরহাটের জেলা প্রশাসক মোঃ আল মামুন মিয়া, পুলিশ সুপার শাহানাজ বেগম, পাঁচবিবি উপজেলা নির্বাহী কর্মকর্তা কাশপিয়া তাসরিন, পাঁচবিবি থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মোঃ ইমায়েদুল জাহিদী, পত্নীতলা ব্যাটালিয়নের এডি মোঃ হাচানুর রহমান, কড়িয়া বিজিবি ক্যাম্পের ক্যাম্প কমান্ডার নায়েক সুবেদার মংচাদু মারমা, আয়মারসুলপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ মামুনুর রশিদ মিল্টন, ধলাহার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ তোজাম্মেল হক, সাংবাদিক মোঃ হারুনুর রশিদ এবং ইউপি সদস্য মোঃ রুহুল আমিন।
অনুষ্ঠানে বিভিন্ন ওয়ার্ডের ইউপি সদস্য, গণমাধ্যমকর্মী, প্রশিক্ষণার্থী এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গসহ প্রায় ২০০ জন অংশগ্রহণ করেন।
অনুষ্ঠানের শুরুতে কম্পিউটার ও ফ্রিল্যান্সিং প্রশিক্ষণ সফলভাবে সম্পন্নকারী শিক্ষার্থীদের মাঝে সনদপত্র বিতরণ করা হয়। পরে অনুষ্ঠিত মতবিনিময় সভায় বক্তারা বলেন, বর্তমান বিশ্ব তথ্যপ্রযুক্তিনির্ভর। যুবসমাজকে দক্ষ মানবসম্পদ হিসেবে গড়ে তুলতে কম্পিউটার ও ফ্রিল্যান্সিং প্রশিক্ষণের গুরুত্ব অপরিসীম। এ ধরনের প্রশিক্ষণ তরুণদের আত্মকর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করার পাশাপাশি দেশের অর্থনৈতিক উন্নয়নেও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে।
বক্তারা আরও বলেন, সীমান্তবর্তী এলাকার যুবকদের প্রযুক্তিগত দক্ষতায় সমৃদ্ধ করে কর্মমুখী করে তুলতে এ ধরনের উদ্যোগ অত্যন্ত প্রশংসনীয়। ভবিষ্যতেও এ ধরনের প্রশিক্ষণ কার্যক্রম অব্যাহত রাখার আশাবাদ ব্যক্ত করেন তারা।
সনদ বিতরণ ও মতবিনিময় সভাটি উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হয়। অনুষ্ঠানে অংশগ্রহণকারীরা আয়োজকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং এ ধরনের প্রশিক্ষণ কার্যক্রম নিয়মিত পরিচালনার আহ্বান জানান।
