কাউনিয়ায় কৃষকদের মাঝে রোপা আমন ধানের বীজ ও রাসায়নিক সার বিতরণ



মোঃ ইব্রাহিম, কাউনিয়া (রংপুর) প্রতিনিধিঃ
রংপুরের কাউনিয়ায় কৃষি উৎপাদন বৃদ্ধি এবং চলতি মৌসুমে রোপা আমন চাষে কৃষকদের উৎসাহিত করতে বিশেষ প্রণোদনা কর্মসূচির আওতায় কৃষকদের মাঝে বিনামূল্যে রোপা আমন ধানের বীজ ও রাসায়নিক সার বিতরণ করা হয়েছে।

সোমবার দুপুরে কাউনিয়া উপজেলা কৃষি অফিসের উদ্যোগে উপজেলা কৃষি অফিস প্রাঙ্গণে এ বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

উপজেলা কৃষি কর্মকর্তা তানিয়া আকতারের সভাপতিত্বে অনুষ্ঠিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) পাপিয়া সুলতানা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা প্রকৌশলী মনিরুল ইসলাম, উপজেলা খাদ্য নিয়ন্ত্রক সুফিয়া সরদার এবং অতিরিক্ত উপজেলা কৃষি কর্মকর্তা মল্লিকা রানী রায়।

অনুষ্ঠানে বক্তারা বলেন, সরকারের কৃষি প্রণোদনা কর্মসূচির মাধ্যমে কৃষকদের উৎপাদন খরচ কমানো, উন্নত জাতের ধান চাষে উদ্বুদ্ধ করা এবং খাদ্য উৎপাদন বৃদ্ধি করাই এ উদ্যোগের মূল লক্ষ্য। এ ধরনের সহায়তা কৃষকদের কৃষিকাজে আরও উৎসাহিত করবে এবং খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

উপজেলা কৃষি অফিস সূত্রে জানা যায়, উপজেলার মোট ২ হাজার ৪০০ জন নির্বাচিত কৃষকের প্রত্যেককে ৫ কেজি রোপা আমন ধানের বীজ, ১০ কেজি ডিএপি সার এবং ১০ কেজি এমওপি সার বিনামূল্যে বিতরণ করা হয়েছে।

বিতরণ শেষে কৃষকরা সরকারের এ উদ্যোগকে স্বাগত জানিয়ে সময়োপযোগী সহায়তার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
নবীনতর পূর্বতন
দৈনিক আমার পত্রিকা