জর্ডানের সাহিত্য ম্যাগাজিনে স্থান পেল দর্শনার তরুণ কবি সম্রাটের কবিতা



মোঃ জিহাদ হাসান, দশর্ণা, চুয়াডাঙ্গা, খুলনা প্রতিনিধিঃ
চুয়াডাঙ্গার জেলার দামুড়হুদা উপজেলার দর্শনা দক্ষিণচাঁদপুর গ্রামের তরুণ কবি সম্রাট হোসেন আন্তর্জাতিক সাহিত্যাঙ্গনে নতুন এক সাফল্য অর্জন করেছেন। আরব বিশ্বের যুব ফোরামের অধীনে জর্ডান থেকে প্রকাশিত ‘আরিস সাংস্কৃতিক ম্যাগাজিন’-এ প্রকাশিত হয়েছে তার একটি কবিতা।

দীর্ঘদিন ধরে দেশের বিভিন্ন সাহিত্যপত্র, ম্যাগাজিন ও অনলাইন প্ল্যাটফর্মে নিয়মিত লেখালেখি করে আসছেন সম্রাট হোসেন। সাহিত্যচর্চার সেই ধারাবাহিকতায় এবার আন্তর্জাতিক পর্যায়ের একটি স্বনামধন্য সাংস্কৃতিক ম্যাগাজিনে তার কবিতা প্রকাশিত হওয়ায় তিনি যেমন অনুপ্রাণিত হয়েছেন, তেমনি গর্বিত তার পরিবার, স্বজন ও এলাকাবাসী।

স্থানীয় সাহিত্যপ্রেমীরা জানান, একজন তরুণ কবির আন্তর্জাতিক অঙ্গনে পদচারণা দর্শনা অঞ্চলের জন্যও গৌরবের বিষয়। তারা আশা প্রকাশ করেন, ভবিষ্যতে সম্রাট হোসেন আরও বড় পরিসরে বাংলা সাহিত্যকে বিশ্বদরবারে তুলে ধরবেন।

উল্লেখ্য, সম্রাট হোসেন এর আগে দেশের বিভিন্ন সাহিত্য সাময়িকী ও সাংস্কৃতিক প্রকাশনায় লেখালেখির মাধ্যমে পাঠকমহলে পরিচিতি লাভ করেন। জর্ডানের ‘আরিস সাংস্কৃতিক ম্যাগাজিন’-এ তার কবিতা প্রকাশ পাওয়া তার সাহিত্যজীবনের আরেকটি গুরুত্বপূর্ণ মাইলফলক হিসেবে বিবেচিত হচ্ছে।

তরুণ কবি সম্রাট হোসেনের এ অর্জনে বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও সাহিত্য সংগঠনের পক্ষ থেকে অভিনন্দন ও শুভকামনা জানানো হয়েছে।
أحدث أقدم
দৈনিক আমার পত্রিকা