মোঃ হারুন অর রশিদ, মহাদেবপুর নওগাঁ প্রতিনিধি
নওগাঁর ধামইরহাট উপজেলায় দীর্ঘদিন ধরে পলাতক থাকা ১০টি গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত এক আসামিকে গ্রেপ্তার করেছে ধামইরহাট থানা পুলিশ।
গ্রেপ্তারকৃত ব্যক্তি উপজেলার পোড়ানগর গ্রামের বাসিন্দা মো. আরিফুল ইসলাম (৩৬), পিতা- মো. মিজানুর রহমান।
পুলিশ সূত্রে জানা যায়, বৃহস্পতিবার (১১ জুন ২০২৬) পুলিশ সুপার নওগাঁর দিকনির্দেশনায় অফিসার ইনচার্জ ধামইরহাট থানার নেতৃত্বে পরিচালিত বিশেষ অভিযানে গোপন সংবাদের ভিত্তিতে তাকে নিজ এলাকা থেকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃত আরিফুল ইসলামের বিরুদ্ধে মোট ১০টি গ্রেপ্তারি পরোয়ানা ছিল। এর মধ্যে ৫টি সিআর সাজা পরোয়ানা এবং ৫টি সিআর নরমাল পরোয়ানা রয়েছে। দীর্ঘদিন ধরে গ্রেপ্তার এড়াতে তিনি বিভিন্ন কৌশল অবলম্বন করে আত্মগোপনে ছিলেন এবং বিভিন্ন স্থানে পালিয়ে বেড়াতেন।
পুলিশ জানায়, তার বিরুদ্ধে থাকা সাজা পরোয়ানাগুলোর মধ্যে একটি মামলায় ২৯ লাখ ৩০ হাজার ৫০০ টাকা জরিমানা অনাদায়ে এক বছরের বিনাশ্রম কারাদণ্ড এবং অপর একটি মামলায় ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ডের আদেশ রয়েছে।
দীর্ঘদিনের পলাতক এ আসামিকে গ্রেপ্তার করায় ধামইরহাট এলাকার সাধারণ মানুষের মধ্যে স্বস্তি ফিরে এসেছে। অনেকেই এ ঘটনায় সন্তোষ ও আনন্দ প্রকাশ করেছেন।
