খানসামায় চোরসহ চুরি যাওয়া দুই বিদেশি গাভী উদ্ধার, পুলিশের অভিযানে আটক ১



নারায়ন চন্দ্র রায়, দিনাজপুর প্রতিনিধিঃ
দিনাজপুরের খানসামা উপজেলায় চুরি হওয়া দুটি বিদেশি (ফিজিয়ান) গাভী উদ্ধার করেছে পুলিশ। এ সময় গরু চুরির সঙ্গে জড়িত এক ব্যক্তিকে আটক করা হয়েছে।

পুলিশ সূত্রে জানা যায়, উপজেলার ১নং আলোকঝাড়ী ইউনিয়নের গোবিন্দপুর মিস্ত্রিপাড়া গ্রামের বাসিন্দা মো. হামিদুল ইসলাম (পিতা- মৃত রমজান আলী) এর বাড়িতে সোমবার (১৫ জুন) ভোররাতে চুরির ঘটনা ঘটে। চোর বা চোরের দল বাড়ির সীমানা প্রাচীর টপকে ভেতরে প্রবেশ করে এবং মূল ফটকের তালা কেটে গোয়ালঘর থেকে দুটি বিদেশি (ফিজিয়ান) গাভী চুরি করে নিয়ে যায়।

ভুক্তভোগী পরিবারের সদস্যরা সকালে গোয়ালঘরে গিয়ে গরু দুটি না দেখতে পেয়ে খোঁজাখুঁজি শুরু করেন। পরে বিষয়টি খানসামা থানাকে অবহিত করা হলে এ ঘটনায় একটি মামলা রুজু করা হয়।

মামলা দায়েরের পরপরই পুলিশ ঘটনাটিকে গুরুত্ব সহকারে তদন্ত শুরু করে। তথ্যপ্রযুক্তি ও গোয়েন্দা তথ্যের ভিত্তিতে খানসামা থানার উপ-পরিদর্শক (এসআই) রুস্তম আলীর নেতৃত্বে পুলিশের একটি দল অভিযান পরিচালনা করে।

অভিযানের একপর্যায়ে একই দিন সকাল আনুমানিক ১১টা থেকে সাড়ে ১১টার মধ্যে দিনাজপুর জেলার ঘোড়াঘাট থানাধীন রানীগঞ্জ গরুর হাট এলাকা থেকে চুরি হওয়া দুটি গাভীসহ এক চোরকে আটক করতে সক্ষম হয় পুলিশ। উদ্ধারকৃত গরু দুটি পরবর্তীতে থানায় নিয়ে আসা হয়।

খানসামা থানা পুলিশ জানায়, দ্রুত সময়ের মধ্যে চুরি হওয়া গবাদিপশু উদ্ধার এবং জড়িত ব্যক্তিকে আটক করা সম্ভব হওয়ায় এলাকায় স্বস্তি ফিরে এসেছে। আটক ব্যক্তির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে। পাশাপাশি এ ঘটনায় অন্য কেউ জড়িত আছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে।
স্থানীয়রা পুলিশের এই তৎপরতার প্রশংসা করে বলেন, দ্রুত অভিযানের মাধ্যমে চুরি হওয়া গরু উদ্ধার হওয়ায় ক্ষতিগ্রস্ত পরিবার বড় ধরনের আর্থিক ক্ষতির হাত থেকে রক্ষা পেয়েছে।
নবীনতর পূর্বতন
দৈনিক আমার পত্রিকা
দৈনিক আমার পত্রিকা