বাংলা সাহিত্যের সমকালীন অঙ্গনে একটি পরিচিত নাম কবি মাজেদুল হক। বৃহত্তর ময়মনসিংহের নেত্রকোণা জেলার সদর উপজেলার পাটলী গ্রামে এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে তাঁর জন্ম। তাঁর পিতা এস. এম. কিতাব আলী এবং মাতা বেগম আয়েশা খাতুন।
কবি মাজেদুল হকের সাহিত্যচর্চার মূল উপজীব্য প্রেম, বিরহ, মানবিক বেদনা এবং সমাজের অসহায়-বঞ্চিত মানুষের জীবনসংগ্রাম। তাঁর কবিতায় প্রেমের আবেগ যেমন গভীরভাবে প্রকাশ পেয়েছে, তেমনি বিরহের সুরও প্রবলভাবে ধ্বনিত হয়েছে। এ কারণেই পাঠকমহলে তিনি “বিরহী কবি” নামে সমধিক পরিচিত ও সমাদৃত।
প্রেম ও বিরহের অনুভূতিকে হৃদয়স্পর্শী ভাষায় উপস্থাপন করে তিনি পাঠকের মন জয় করেছেন। তাঁর কবিতা দেশের বিভিন্ন জেলার আবৃত্তিশিল্পীদের কণ্ঠে নিয়মিত আবৃত্তি হচ্ছে। শুধু বাংলাদেশেই নয়, ভারতের বিভিন্ন খ্যাতিমান আবৃত্তিশিল্পীরাও তাঁর কবিতা আবৃত্তি করেছেন। ফলে দিন দিন তাঁর জনপ্রিয়তা বিস্তৃত হচ্ছে দেশ-বিদেশে।
প্রখ্যাত সাহিত্যিক ও সমালোচকগণ তাঁর সাহিত্যকর্ম মূল্যায়ন করতে গিয়ে বাংলা সাহিত্যে বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ তাঁকে “বিরহী কবি” উপাধিতে ভূষিত করেছেন। তরুণ প্রজন্মের কাছেও তিনি সমান জনপ্রিয়। প্রতি বছর স্কুল-কলেজের শিক্ষার্থীরা তাঁর কবিতা আবৃত্তি করে বিভিন্ন প্রতিযোগিতায় সাফল্য অর্জন করছে।
শিশুসাহিত্যেও রয়েছে তাঁর উল্লেখযোগ্য অবদান। তিনি শিশুদের জন্য লিখেছেন অসংখ্য ছড়া ও কবিতা, যা শিশুদের মানবিক মূল্যবোধ, নৈতিকতা ও মেধা বিকাশে সহায়ক ভূমিকা পালন করে। তাঁর শিক্ষামূলক ছড়াগুলো কোমলমতি শিশুদের লেখাপড়ার প্রতি আগ্রহী করে তোলে।
কবি মাজেদুল হক একজন স্বতন্ত্র ও সৃজনশীল ছান্দসিক কবি। বাংলা কবিতায় তিনি নতুন কিছু ছন্দরীতি ও ছন্দকাঠামো সৃষ্টির প্রয়াস চালিয়েছেন এবং সেসব নবছন্দে রচনা করেছেন একাধিক কবিতা। তাঁর সৃষ্টিশীলতা ও ছন্দনৈপুণ্য তাঁকে সমকালীন কবিদের মধ্যে স্বতন্ত্র মর্যাদা দিয়েছে।
কিশোর বয়স থেকেই তাঁর সাহিত্যচর্চার সূচনা। বি.এ. অধ্যয়নকালে তাঁর প্রথম লেখা পত্রিকায় প্রকাশিত হয়। এরপর থেকে স্থানীয় ও জাতীয় পত্রিকা, সাহিত্য সাময়িকী এবং ম্যাগাজিনে নিয়মিত প্রকাশিত হচ্ছে তাঁর কবিতা, ছড়া, গল্প, প্রবন্ধ ও অন্যান্য সাহিত্যকর্ম।
সাহিত্যচর্চার স্বীকৃতিস্বরূপ তিনি বিভিন্ন সম্মাননা ও পুরস্কার লাভ করেছেন। ২০১৭ সালে “নেত্রের আশা” ও “মুক্তির আশা” পত্রিকার উদ্যোগে আয়োজিত ছড়া প্রতিযোগিতায় “সেরা ছড়াকার” নির্বাচিত হন। এ উপলক্ষে নেত্রকোণা জেলা প্রেসক্লাবে আয়োজিত অনুষ্ঠানে তৎকালীন জেলা প্রশাসক ড. মুশফিকুর রহমান তাঁর হাতে সম্মাননা ক্রেস্ট তুলে দেন এবং বিশিষ্ট শিক্ষাবিদ ও প্রাবন্ধিক অধ্যাপক যতীন সরকার তাঁকে উত্তরীয় পরিয়ে সম্মানিত করেন।
পরবর্তীতে ২০২৪ সালে বাংলা সাহিত্যে বিশেষ অবদানের জন্য “হাজার কবির কবিতা” সাহিত্য ফাউন্ডেশনের উদ্যোগে তাঁকে “জহিরুল সাহিত্য পুরস্কার” প্রদান করা হয়।
পেশাগত জীবনে তিনি প্রাণিসম্পদ অধিদপ্তরে কর্মরত। কর্মব্যস্ততার মধ্যেও তিনি সাহিত্যচর্চা অব্যাহত রেখেছেন। কবিতা, ছড়া, গান, গল্প, প্রবন্ধ ও উপন্যাস—সাহিত্যের প্রায় প্রতিটি শাখায় তাঁর সফল বিচরণ রয়েছে। প্রথাগত ছন্দের পাশাপাশি তিনি গদ্যছন্দেও লিখেছেন অসংখ্য কবিতা।
তাঁর কবিতায় শব্দালংকার, অর্থালংকার, উপমা ও চিত্রকল্পের সুনিপুণ ব্যবহার লক্ষ করা যায়। শিল্পসৌন্দর্য, মানবিক আবেদন এবং ভাষার নান্দনিক ব্যবহারে তাঁর সাহিত্যকর্ম পাঠকের হৃদয়ে বিশেষ স্থান করে নিয়েছে। সমকালীন বাংলা সাহিত্যে বিরহ, প্রেম ও মানবিকতার কণ্ঠস্বর হিসেবে কবি মাজেদুল হক এক উজ্জ্বল ও সম্ভাবনাময় নাম।
