ভাঙ্গুড়া (পাবনা) প্রতিনিধিঃ
পাবনার ভাঙ্গুড়ায় জনতা ডেইরি ফার্মের প্রায় ৭ লাখ টাকা ছিনতাইয়ের অভিযোগের রহস্য উদ্ঘাটন করেছে পুলিশ। তদন্তে অভিযোগকারী ম্যানেজার মো. নাজমুল হোসেনের সম্পৃক্ততা পাওয়া গেলে তাকে গ্রেফতার করা হয়। এ সময় তার দেখানো স্থানে অভিযান চালিয়ে আত্মসাৎ করা টাকার মধ্যে ৪ লাখ ৬৮ হাজার ২৭০ টাকা উদ্ধার করা হয়েছে।
পুলিশ সূত্রে জানা যায়, গত ১৪ জুন জনতা ডেইরি ফার্মের ম্যানেজার মো. নাজমুল হোসেন দাবি করেন যে, ফার্মের প্রায় ৭ লাখ টাকা নিয়ে বাড়ি ফেরার পথে অজ্ঞাত চার ব্যক্তি তার হাত-পা বেঁধে, মুখে শপিং ব্যাগ ঢুকিয়ে টেপ পেঁচিয়ে নগদ অর্থ ছিনিয়ে নেয়। পরে স্থানীয়রা তার গোঙানির শব্দ শুনে উদ্ধার করে ভাঙ্গুড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।
ঘটনার পর ভাঙ্গুড়া থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন, সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ, তথ্য-প্রযুক্তির সহায়তায় তদন্ত এবং গোপন তথ্য সংগ্রহ শুরু করে। তদন্তের একপর্যায়ে অভিযোগের বিভিন্ন অসঙ্গতি পুলিশের নজরে আসে। পরে নাজমুল হোসেনকে জিজ্ঞাসাবাদ করলে তিনি স্বীকার করেন যে কথিত ছিনতাইয়ের ঘটনাটি ছিল পরিকল্পিত নাটক এবং আত্মসাৎ করা টাকার একটি অংশ তিনি ফার্মের ভেতরে লুকিয়ে রেখেছিলেন।
এরপর মঙ্গলবার রাতে পুলিশ তাকে সঙ্গে নিয়ে হরোপাড়াস্থ জনতা ডেইরি ফার্মে অভিযান চালায়। তার দেখানো মতে ফার্মের কিচেন রুমে থাকা একটি ফ্রিজের ওপর থেকে নগদ ৪ লাখ ৬৮ হাজার ২৭০ টাকা উদ্ধার করা হয়। উদ্ধারকৃত অর্থ জব্দ করে থানার মালখানায় জমা রাখা হয়েছে।
পরে নাজমুল হোসেনকে গ্রেফতার করে থানায় নেওয়া হয়। এ ঘটনায় পরবর্তী আইনগত কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছে পুলিশ।
ভাঙ্গুড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) বলেন, ঘটনার বিষয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করা হয়েছে এবং প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে। বর্তমানে এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।