ময়মনসিংহে ব্রহ্মপুত্র এক্সপ্রেসের বগি লাইনচ্যুত, সাময়িকভাবে ট্রেন চলাচল বন্ধ

 


ময়মনসিংহ প্রতিনিধি

ময়মনসিংহ শহরের আনন্দমোহন কলেজ রেলক্রসিং এলাকায় ঢাকাগামী ব্রহ্মপুত্র এক্সপ্রেস ট্রেনের একটি বগির চাকা লাইনচ্যুত হয়েছে। বুধবার (১০ জুন) সকাল আনুমানিক ৯টার দিকে এ ঘটনা ঘটে।

জানা যায়, দেওয়ানগঞ্জ থেকে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে আসা ব্রহ্মপুত্র এক্সপ্রেস ট্রেনের পাওয়ার কার বগির একটি চাকা আনন্দমোহন কলেজ রেলক্রসিং এলাকায় লাইনচ্যুত হয়। ঘটনার পর ট্রেনটি ঘটনাস্থলেই আটকে পড়ে।

খবর পেয়ে ময়মনসিংহ রেলওয়ে থানা পুলিশ, জেলা পুলিশ ও রেলওয়ে নিরাপত্তা বাহিনীর (আরএনবি) সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে নেন এবং নিরাপত্তা ব্যবস্থা জোরদার করেন।

এ ঘটনায় ট্রেনের যাত্রী বা দায়িত্বরত কর্মকর্তা-কর্মচারীদের কোনো ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। তবে লাইনচ্যুত বগি উদ্ধারের কাজ চলমান থাকায় বিকল্প লাইনে ট্রেন চলাচল সাময়িকভাবে বন্ধ রয়েছে।

রেলওয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানিয়েছে, দ্রুত সময়ের মধ্যে উদ্ধার কাজ সম্পন্ন করে স্বাভাবিক ট্রেন চলাচল পুনরায় চালুর চেষ্টা করা হচ্ছে। বর্তমানে ঘটনাস্থলের আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।

أحدث أقدم
দৈনিক আমার পত্রিকা
দৈনিক আমার পত্রিকা