তৌসিফ, জাবিপ্রবি প্রতিনিধিঃ
জামালপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (জাবিপ্রবি) শাখা বসুন্ধরা শুভসংঘের উদ্যোগে পরিবেশ সংরক্ষণ ও সবুজ ক্যাম্পাস গড়ার লক্ষ্যে বৃক্ষরোপণ ও চারা বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। রোববার (২১ জুন) বিকেল ৪টায় বিশ্ববিদ্যালয়ের মেডিকেল ও ছাত্রী হল সংলগ্ন এলাকা এবং ছাত্র হলের অভ্যন্তরে এ কর্মসূচি আয়োজন করা হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বসুন্ধরা শুভসংঘ জাবিপ্রবি শাখার সভাপতি হুমায়ুন কবীর এবং সঞ্চালনা করেন সংগঠনের সাধারণ সম্পাদক মো. শাহ নেওয়াজ আহমেদ আকাশ।
কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্যবস্থাপনা বিভাগের সহকারী অধ্যাপক এস. এম. ইউসুফ আলী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন একই বিভাগের সহকারী অধ্যাপক আতিকুর রহমান, বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা) জামালপুর জেলা শাখার সাধারণ সম্পাদক মোহাম্মদ এনামুল হক এবং জাবিপ্রবি ছাত্রদলের সদস্য সচিব যীনাত মিয়া আজিজুল।
বক্তারা বলেন, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা, জীববৈচিত্র্য সংরক্ষণ এবং পরিবেশের ভারসাম্য রক্ষায় বৃক্ষরোপণের গুরুত্ব অপরিসীম। তরুণ প্রজন্মকে পরিবেশবান্ধব কর্মকাণ্ডে সম্পৃক্ত করার মাধ্যমে একটি টেকসই ও বাসযোগ্য ভবিষ্যৎ নির্মাণ সম্ভব।
সহকারী অধ্যাপক এস. এম. ইউসুফ আলী তাঁর বক্তব্যে বলেন, “বৃক্ষ শুধু পরিবেশের ভারসাম্য রক্ষা করে না, মানবজীবনের অস্তিত্ব রক্ষার অন্যতম প্রধান অনুষঙ্গ হিসেবেও কাজ করে। বসুন্ধরা শুভসংঘের এ ধরনের উদ্যোগ শিক্ষার্থীদের মধ্যে পরিবেশ সচেতনতা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।”
যীনাত মিয়া আজিজুল বলেন, “সামাজিক দায়বদ্ধতা ও পরিবেশ সংরক্ষণে বসুন্ধরা শুভসংঘের ধারাবাহিক কার্যক্রম প্রশংসার দাবিদার। এ ধরনের উদ্যোগ শিক্ষার্থীদের স্বেচ্ছাসেবামূলক কর্মকাণ্ডে অংশগ্রহণে উৎসাহিত করবে।”
সভাপতির বক্তব্যে হুমায়ুন কবীর বলেন, “পরিবেশবান্ধব ও সবুজ ক্যাম্পাস গড়ে তোলার লক্ষ্যে বসুন্ধরা শুভসংঘ নিয়মিতভাবে বিভিন্ন কর্মসূচি বাস্তবায়ন করে আসছে। আজকের বৃক্ষরোপণ ও চারা বিতরণ কার্যক্রম সেই ধারাবাহিক প্রচেষ্টারই অংশ। পরিবেশ সংরক্ষণে সচেতনতা বৃদ্ধির পাশাপাশি শিক্ষার্থীদের সক্রিয় অংশগ্রহণ নিশ্চিত করতে ভবিষ্যতেও এ ধরনের কর্মসূচি অব্যাহত থাকবে।”
পরে অতিথিবৃন্দ ও সংগঠনের সদস্যরা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের বিভিন্ন স্থানে ৮০টি বিভিন্ন প্রজাতির গাছের চারা রোপণ করেন এবং শিক্ষার্থীদের মাঝে চারা বিতরণ করেন।
উল্লেখ্য, পরিবেশ সংরক্ষণ ও সামাজিক সচেতনতা বৃদ্ধিতে বসুন্ধরা শুভসংঘ দেশব্যাপী নানা কর্মসূচি বাস্তবায়ন করে আসছে। এরই ধারাবাহিকতায় জাবিপ্রবি শাখার এ আয়োজন শিক্ষার্থীদের মধ্যে পরিবেশবান্ধব মানসিকতা গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আয়োজকরা আশা প্রকাশ করেন।