স্টাফ রিপোর্টার হাসান মাহমুদ জয়, কুড়িগ্রাম প্রতিনিধিঃ
'মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচারবিরোধী আন্তর্জাতিক দিবস ২০২৬' উপলক্ষে মাদকের বিরুদ্ধে সোচ্চার কুড়িগ্রাম। মাদকমুক্ত সমাজ গড়ার দৃঢ় অঙ্গীকার নিয়ে জেলা প্রশাসন ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, কুড়িগ্রামের আয়োজনে আজ বর্ণাঢ্য র্যালি, আলোচনা সভা ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
মাদককে 'না' বলার প্রত্যয় নিয়ে আজ কুড়িগ্রাম কলেজ মোড় এলাকা থেকে একটি বিশাল সচেতনতামূলক র্যালি বের করা হয়। র্যালিটির অগ্রভাগে থেকে নেতৃত্ব দেন কুড়িগ্রামের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট জনাব অন্নপূর্ণা দেবনাথ। র্যালিতে জেলা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ ছাড়াও বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, স্থানীয় গণমাধ্যম কর্মী এবং স্বেচ্ছাসেবী সংগঠনের ভলান্টিয়াররা স্বতঃস্ফূর্তভাবে অংশ নেন। শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে র্যালিটি পৌর অডিটোরিয়ামে গিয়ে শেষ হয়।
র্যালি পরবর্তী আলোচনা সভায় সভাপতিত্ব করেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপ-পরিচালক জনাব মো. শাহ্-নেওয়াজ। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে যোগ দিয়ে জেলা প্রশাসক জনাব অন্নপূর্ণা দেবনাথ বলেন, "মাদক কেবল একজন ব্যক্তিকে ধ্বংস করে না, বরং একটি পরিবার ও সমাজকেও গ্রাস করে। মাদকের বিরুদ্ধে আমাদের অবস্থান হবে জিরো টলারেন্স।" তিনি তরুণ প্রজন্মকে মাদকের মরণফাঁদ থেকে দূরে থাকতে এবং খেলাধুলা ও গঠনমূলক কাজে নিজেদের নিয়োজিত করার আহ্বান জানান। জেলা প্রশাসক আরও উল্লেখ করেন, মাদক পাচার ও অপব্যবহার রোধে জেলা প্রশাসনের নজরদারি ও আইনি পদক্ষেপ অব্যাহত থাকবে।
আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুড়িগ্রামের পুলিশ সুপার জনাব খন্দকার ফজলে রাব্বি, জেলা পরিষদের প্রশাসক জনাব আলহাজ্ব মো. সোহেল হাসানাইন কায়কোবাদ এবং সিভিল সার্জন জনাব ডাঃ স্বপন কুমার বিশ্বাস।
মাদক নির্মূল কার্যক্রমে সরকারি প্রচেষ্টার পাশাপাশি বেসরকারি প্রতিষ্ঠানের ভূমিকার কথা আলোচনা সভায় গুরুত্ব পায়। এই আয়োজনে বেসরকারি নিরাময় কেন্দ্রের প্রতিনিধি হিসেবে উপস্থিত ছিলেন 'বন্ধন মাদকাসক্তি নিরাময় কেন্দ্র'-এর পরিচালক জনাব মোঃ মাহমুদুল হাসান পিন্টু এবং জনাব রশিদ আলী। তারা তাদের বক্তব্যে মাদকাসক্ত ব্যক্তিদের মূল স্রোতধারায় ফিরিয়ে আনার চ্যালেঞ্জ ও তাদের প্রতিষ্ঠানের কার্যক্রম নিয়ে আলোকপাত করেন। এছাড়া অনুষ্ঠানে স্থানীয় সমাজসেবক এবং বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠনের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন যারা মাদকবিরোধী সচেতনতা তৈরিতে নিয়মিত কাজ করে যাচ্ছেন।
আলোচনা সভা শেষে মাদকের কুফল সম্পর্কে সচেতনতা বৃদ্ধি এবং মানবিক মূল্যবোধ জাগিয়ে তোলার লক্ষ্যে স্থানীয় শিল্পীদের পরিবেশনায় একটি মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। মাদকমুক্ত কুড়িগ্রাম গড়তে সমাজের সকল স্তরের মানুষকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানিয়েই আজকের কর্মসূচির সমাপ্তি ঘটে।
