বিশ্ব রক্তদাতা দিবসে নওগাঁয় শিক্ষার্থীদের নিয়ে ব্যতিক্রমী আয়োজন



মোঃ হারুন অর রশিদ, মহাদেব পুর ,নওগাঁ প্রতিনিধি :
বিশ্ব রক্তদাতা দিবস উপলক্ষে নওগাঁয় স্কুল শিক্ষার্থীদের অংশগ্রহণে কুইজ প্রতিযোগিতা, সচেতনতামূলক সেমিনার ও বিনামূল্যে ব্লাড গ্রুপিং ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়েছে। রোববার (১৪ জুন) নওগাঁ শহরের চকএনায়েত উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে দিনব্যাপী এ কর্মসূচির আয়োজন করে স্বেচ্ছাসেবী সংগঠন নওগাঁ ব্লাড সার্কেল। আয়োজনে সহযোগিতা করে গবেষণা প্রতিষ্ঠান বায়োমেডিকেল রিসার্চ ফাউন্ডেশন (বিআরএফ)।

অনুষ্ঠানে শিক্ষক, শিক্ষার্থী, স্বেচ্ছাসেবী ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন। উপস্থিত ছিলেন চকএনায়েত উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. সাইফুল ইসলাম, শহিদুল ইসলাম, আব্দুস সোবহান, নওগাঁ ব্লাড সার্কেলের সভাপতি শাহনেওয়াজ রক্সি, সাধারণ সম্পাদক মো. রিজভী আহম্মেদ রিজোয়ানসহ সংগঠনের অন্যান্য সদস্যরা।

অনুষ্ঠানে প্রধান শিক্ষক মো. সাইফুল ইসলাম বলেন, রক্ত এমন একটি উপাদান, যা কৃত্রিমভাবে তৈরি করা সম্ভব নয়। একজন স্বেচ্ছায় রক্তদাতার দেওয়া রক্ত একজন মুমূর্ষু রোগীর জীবন বাঁচাতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। তাই সুস্থ ও সক্ষম ব্যক্তিদের নিয়মিত রক্তদানে এগিয়ে আসা প্রয়োজন।

নওগাঁ ব্লাড সার্কেলের সভাপতি শাহনেওয়াজ রক্সি বলেন, নিরাপদ রক্তের চাহিদা পূরণে তরুণদের অংশগ্রহণ বাড়াতে হবে। স্বেচ্ছায় ও বিনামূল্যে রক্তদানের সংস্কৃতি গড়ে তুলতে সামাজিক সংগঠনের পাশাপাশি শিক্ষাপ্রতিষ্ঠানগুলোকেও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে হবে।

সংগঠনের সাধারণ সম্পাদক মো. রিজভী আহম্মেদ রিজোয়ান বলেন, ‘এখন যৌবন যার, রক্তদানের শ্রেষ্ঠ সময় তার।’ তিনি শিক্ষার্থীদের ১৮তম জন্মদিন থেকেই স্বেচ্ছায় রক্তদানে উদ্বুদ্ধ হওয়ার আহ্বান জানান।

নওগাঁ ব্লাড সার্কেলের নারী সমন্বয়ক সাদিয়া আফরিন বলেন, নারীদের রক্তদান নিয়ে সমাজে এখনও নানা ভুল ধারণা ও অমূলক শঙ্কা রয়েছে। তবে সচেতনতা বৃদ্ধির ফলে নারীদের অংশগ্রহণ বাড়ছে, যা রক্তদানের আন্দোলনকে আরও মানবিক ও সমৃদ্ধ করছে।

দিনব্যাপী কর্মসূচিতে বিপুলসংখ্যক শিক্ষার্থী ও সাধারণ মানুষ বিনামূল্যে ব্লাড গ্রুপিং সেবা গ্রহণ করেন। রক্তদানবিষয়ক কুইজ প্রতিযোগিতা শেষে বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। একই সঙ্গে শিক্ষার্থীদের ১৮তম জন্মদিন থেকেই স্বেচ্ছায় রক্তদানে অংশ নেওয়ার আহ্বান জানানো হয়।

উল্লেখ্য, ২০১৭ সাল থেকে নওগাঁ ব্লাড সার্কেল বিনামূল্যে রক্তদান, থ্যালাসেমিয়া রোগীদের সহায়তা, পাঠাগার পরিচালনা, দুর্যোগকালীন ত্রাণ বিতরণ, বৃক্ষরোপণসহ বিভিন্ন সামাজিক ও মানবিক কার্যক্রম পরিচালনা করে আসছে।
নবীনতর পূর্বতন
দৈনিক আমার পত্রিকা
দৈনিক আমার পত্রিকা