নওগাঁর মান্দায় ডিবি পুলিশের অভিযানে নারী মাদক কারবারি গ্রেফতার, উদ্ধার ৬৬৩ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট



মোঃ হারুন অর রশিদ, মহাদেব পুর ,নওগাঁ প্রতিনিধিঃ
পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলামের নির্দেশনায় জেলা গোয়েন্দা শাখা (ডিবি), নওগাঁর মাদকবিরোধী বিশেষ অভিযানে একজন নারী মাদক কারবারিকে গ্রেফতার এবং ৬৬৩ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করা হয়েছে। এ সময় মাদক বিক্রির নগদ ১৩ হাজার ৩২০ টাকাও জব্দ করা হয়।

মঙ্গলবার (১৬ জুন) দিবাগত রাত ১২টা ১০ মিনিটে মান্দা উপজেলার গণেশপুর সেকিপাড়া (বিলের পাশে) এলাকায় অভিযান পরিচালনা করে জেলা গোয়েন্দা শাখার একটি দল।

পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে ডিবি পুলিশ জানতে পারে যে, স্বামী-স্ত্রী মিলে বাড়ির সামনে মাদক বিক্রির উদ্দেশ্যে অবস্থান করছে। এ তথ্যের ভিত্তিতে অভিযান চালানো হলে অভিযানের উপস্থিতি টের পেয়ে সাইদুর রহমান (৪৬) নামে এক ব্যক্তি তার হাতে থাকা কালো পলিথিন ব্যাগ ফেলে বিলের মধ্যে পালিয়ে যায়। পরে ফেলে যাওয়া ব্যাগ থেকে ১০×৪০ পাতায় মোট ৪০০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করা হয়।

এ সময় সাইদুর রহমানের স্ত্রী রাশেদা বেগম পালানোর চেষ্টা করলে মহিলা পুলিশের সহায়তায় তাকে আটক করা হয়। 

পরে স্থানীয় লোকজন ও ইউপি সদস্যের উপস্থিতিতে তার বাড়িতে তল্লাশি চালানো হয়। রাশেদা বেগমের কাছে থাকা চাবি দিয়ে ট্রাংকের তালা খুললে সেখান থেকে আরও ২৬৩ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করা হয়। উদ্ধারকৃত মোট ৬৬৩ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট এবং মাদক বিক্রির নগদ ১৩ হাজার ৩২০ টাকা জব্দ করা হয়েছে।

এ ঘটনায় মান্দা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। প্রাথমিক অনুসন্ধানে জানা যায়, স্বামী-স্ত্রী দীর্ঘদিন ধরে মান্দা এলাকায় মাদক ব্যবসার সঙ্গে জড়িত ছিল। পলাতক সাইদুর রহমানকে গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।

জেলা পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, মাদকের বিরুদ্ধে এ ধরনের অভিযান আগামী দিনগুলোতে আরও জোরদার করা হবে।
أحدث أقدم
দৈনিক আমার পত্রিকা
দৈনিক আমার পত্রিকা