মহাদেবপুরে বিএনপি নেতার বিরুদ্ধে জমি দখল ও ক্ষমতার অপব্যবহারের অভিযোগে মানববন্ধন

 



মোঃ হারুন অর রশিদ  মহাদেবপুর (নওগাঁ) প্রতিনিধি 

নওগাঁর মহাদেবপুর উপজেলায় উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল মতিন মণ্ডলের বিরুদ্ধে জমি দখল, হিন্দু সম্প্রদায়ের লোকজনকে হয়রানি ও ক্ষমতার অপব্যবহারের অভিযোগ তুলে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ করেছেন ভুক্তভোগী এলাকাবাসী।


বৃহস্পতিবার (১১ জুন) দুপুরে উপজেলার গাহলী বাজারে ঘণ্টাব্যাপী এ মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে এলাকার বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ ও ভুক্তভোগীরা অংশ নেন।

মানববন্ধনে বক্তারা অভিযোগ করেন, আওয়ামী লীগ সরকারের পতনের পর থেকে উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল মতিন মণ্ডল রাজনৈতিক প্রভাব খাটিয়ে সাধারণ মানুষের জমি দখল, ফসল নষ্ট, পুকুরের মাছ লুটপাটসহ বিভিন্ন ধরনের হয়রানি ও নির্যাতন চালিয়ে আসছেন। এসব বিষয়ে উপজেলা প্রশাসন ও থানায় অভিযোগ দেওয়া হলেও কার্যকর কোনো প্রতিকার পাওয়া যায়নি বলেও দাবি করেন তারা।


ভুক্তভোগী হাসিনা বানু অভিযোগ করেন, তার বসতবাড়ি ভেঙে দেওয়া হয়েছে এবং তাকে দেশ ছাড়ার হুমকিও দেওয়া হয়েছে। তিনি বলেন, থানায় অভিযোগ করতে গেলেও তা গ্রহণ করা হয়নি।

অপর ভুক্তভোগী পরিতোষ মণ্ডল অভিযোগ করেন, সরকার পরিবর্তনের পর আব্দুল মতিন মণ্ডলের প্রভাব ও অনিয়ম আরও বেড়েছে। পারিবারিক সম্পত্তি বিরোধ নিষ্পত্তির নামে তার কাছে দুই লাখ টাকা দাবি করা হয়েছে বলেও তিনি অভিযোগ করেন। এছাড়া রাজনৈতিক পটপরিবর্তনের পর তার মতো অনেক হিন্দু সম্প্রদায়ের মানুষের বসতবাড়ি ভাঙচুর ও জোরপূর্বক জমি দখলের ঘটনা ঘটেছে বলেও দাবি করেন তিনি।


মানববন্ধন থেকে ভুক্তভোগীরা অভিযোগগুলোর সুষ্ঠু তদন্ত ও প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবি জানান। একই সঙ্গে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের হস্তক্ষেপ কামনা করেন তারা।


এদিকে, অভিযোগের বিষয়ে বক্তব্য জানতে মহাদেবপুর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল মতিন মণ্ডলের মুঠোফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন রিসিভ করেননি। ফলে এ বিষয়ে তার কোনো বক্তব্য পাওয়া যায়নি।

নবীনতর পূর্বতন
দৈনিক আমার পত্রিকা
দৈনিক আমার পত্রিকা