খানসামায় ৩ হাজার ৫০০ ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মাঝে বিনামূল্যে বীজ, চারা ও সার বিতরণ

 


নারায়ন চন্দ্র রায়, দিনাজপুর প্রতিনিধিঃ 
দিনাজপুরের খানসামা উপজেলায় ২০২৫-২৬ অর্থবছরের কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় খরিপ-২ মৌসুমে উফশী রোপা আমন ধান, হাইব্রিড কাঁচামরিচ, শীতকালীন পেঁয়াজ বীজ (কন্দ) ও গ্রীষ্মকালীন পেঁয়াজ উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ, চারা ও রাসায়নিক সার বিতরণ করা হয়েছে। একই সঙ্গে সরকারের নির্বাচনী অঙ্গীকার বাস্তবায়নের অংশ হিসেবে বৃক্ষরোপণ কর্মসূচির আওতায় বিভিন্ন প্রজাতির চারা বিতরণ করা হয়।
 
সোমবার (২২ জুন) সকালে উপজেলা কৃষক প্রশিক্ষণ কেন্দ্রে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে এ বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে উপজেলার মোট ৩ হাজার ৫০০ জন ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মাঝে সরকারি কৃষি প্রণোদনার আওতায় বিভিন্ন ফসলের উন্নতমানের বীজ, চারা এবং প্রয়োজনীয় রাসায়নিক সার বিনামূল্যে বিতরণ করা হয়।
 
অনুষ্ঠানে উপজেলা কৃষি অফিসার ইয়াসমিন আক্তারের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কামরুজ্জামান সরকার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির অর্থনৈতিক বিষয়ক সম্পাদক ও ভাবকী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রবিউল আলম তুহিন। এছাড়াও বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, উপজেলা বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ এবং উপজেলার বিভিন্ন এলাকার কৃষক-কৃষাণীরা অনুষ্ঠানে অংশগ্রহণ করেন।
 
সভাপতির বক্তব্যে উপজেলা কৃষি অফিসার ইয়াসমিন আক্তার বলেন, কৃষি উৎপাদন বৃদ্ধি, খাদ্য নিরাপত্তা নিশ্চিতকরণ এবং কৃষকদের উৎপাদন ব্যয় কমানোর লক্ষ্যে সরকার নিয়মিতভাবে কৃষি প্রণোদনা কর্মসূচি বাস্তবায়ন করছে। উন্নতমানের বীজ, চারা ও সার ব্যবহারের মাধ্যমে কৃষকরা অধিক ফলন পাবেন বলে তিনি আশা প্রকাশ করেন।
 
প্রধান অতিথির বক্তব্যে ইউএনও কামরুজ্জামান সরকার বলেন, কৃষিকে আরও আধুনিক ও উৎপাদনমুখী করতে সরকার বিভিন্ন ধরনের সহায়তা দিয়ে যাচ্ছে। প্রণোদনার উপকরণ যথাযথভাবে ব্যবহার করে কৃষকরা যেন সর্বোচ্চ উৎপাদন নিশ্চিত করেন, সে বিষয়ে তিনি কৃষকদের প্রতি আহ্বান জানান।
 
অনুষ্ঠান শেষে উপস্থিত কৃষকদের হাতে বিনামূল্যে কৃষি উপকরণ ও বৃক্ষের চারা তুলে দেওয়া হয়। এ সময় কৃষকরা সরকারের এমন সহায়তা কর্মসূচিকে সময়োপযোগী উল্লেখ করে কৃষি উৎপাদন বৃদ্ধিতে এ উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা প্রকাশ করেন।
নবীনতর পূর্বতন
দৈনিক আমার পত্রিকা