তাড়াইল উপজেলা গ্রাম আদালত ব্যবস্থাপনা কমিটির ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত



রুহুল আমিন, কিশোরগঞ্জ প্রতিনিধিঃ
কিশোরগঞ্জের তাড়াইলে স্থানীয় পর্যায়ে বিচারসেবার গুণগত মান নিশ্চিতকরণ এবং গ্রাম আদালতের কার্যক্রম আরও গতিশীল করার লক্ষ্যে 'উপজেলা গ্রাম আদালত ব্যবস্থাপনা কমিটি'র ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (২৯ জুন) তাড়াইল উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে এই সভা অনুষ্ঠিত হয়। 'বাংলাদেশ গ্রাম আদালত সক্রিয়করণ প্রকল্প (৩য় পর্যায়)'-এর আওতায় স্থানীয় সরকার বিভাগের সহযোগিতায় এই সভার আয়োজন করে তাড়াইল উপজেলা প্রশাসন।

​সভায় সভাপতিত্ব করেন তাড়াইল উপজেলা নির্বাহী অফিসার তানজিলা আখতার। সভায় আরও উপস্থিত ছিলেন, তাড়াইল থানা  অফিসার ইনচার্জ শেখ আবু সালেহ মাসুদ করিম, তালজাংগা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আবু জাহেদ ভুঞাঁ, ধলা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আফরোজ আলম ঝিনুক, জাওয়ার ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ইমদাদুল হক রতন, তাড়াইল- সাচাইল ইউনিয়ন পরিষদের গ্রাম আদালতের দায়িত্বপ্রাপ্ত আবদুল আহাদ রুশো, সংরক্ষিত মহিলা সদস্য রিতা আক্তার, গণমাধ্যম প্রতিনিধি রবীন্দ্র সরকার, বাংলাদেশে গ্রাম আদালত সক্রিয় করণ (৩য় পর্যায়) প্রকল্পের তাড়াইল উপজেলার উপজেলা কো-অর্ডিনেটর হাবিবুর রহমান ভুঞাঁ।

​সভায় গ্রাম আদালতের বর্তমান চ্যালেঞ্জসমূহ, মামলার সর্বশেষ তথ্য ও অগ্রগতি এবং সার্বিক কার্যক্রম নিয়ে বিস্তারিত পর্যালোচনা করা হয়।

​সভাপতির বক্তব্যে উপজেলা নির্বাহী অফিসার তানজিলা আখতার বলেন, "গ্রামীণ জনগোষ্ঠীর দোরগোড়ায় সহজে, দ্রুত ও স্বল্প খরচে বিচারসেবা পৌঁছে দিতে গ্রাম আদালত অত্যন্ত কার্যকর ভূমিকা পালন করছে। ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানদের গ্রাম আদালত পরিচালনায় আরও আন্তরিক হতে হবে।" তিনি স্থানীয় পর্যায়ে বিচারসেবার গুণগত মান নিশ্চিত করতে কমিটির সকল সদস্যকে নিয়মিত মনিটরিং করার নির্দেশ দেন।

​সভায় কমিটির দায়িত্ব ও কর্মপরিধি পুনর্ব্যক্ত করে বেশ কিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ করা হয়। এর মধ্যে উল্লেখযোগ্য হলো:
১. গ্রাম আদালতের কার্যক্রম নিয়মিত মনিটরিংয়ের মাধ্যমে স্থানীয় পর্যায়ে বিচারসেবার গুণগত মান নিশ্চিত করা।
২. গ্রাম আদালতের লক্ষ্য অর্জনে সংশ্লিষ্ট সকলকে প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান।
৩. ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানদের গ্রাম আদালত-সংক্রান্ত আইনি ও প্রশাসনিক বিষয়ে প্রয়োজনীয় সহায়তা দেওয়া।
৪. গ্রাম আদালত-সংক্রান্ত নীতিমালার সঠিক বাস্তবায়ন ও পর্যালোচনা করা।
৫. গ্রাম আদালতের সঙ্গে সংশ্লিষ্ট এনজিওগুলোর কার্যক্রম নিবিড়ভাবে মনিটরিং ও সমন্বয় সাধন করা।
৬. উপজেলা পর্যায়ে একটি শক্তিশালী 'গ্রাম আদালত মনিটরিং সেল' গঠন এবং এর কার্যক্রম নিয়মিত তদারকি করা।
৭. নিয়মিত গ্রাম আদালত পরিদর্শন করে এ-সংক্রান্ত প্রতিবেদন জেলা গ্রাম আদালত ব্যবস্থাপনা কমিটির নিকট প্রেরণ করা।
​সভায় বক্তারা প্রত্যন্ত অঞ্চলের সাধারণ মানুষের মাঝে গ্রাম আদালতের সুবিধা ও আইনি প্রক্রিয়া সম্পর্কে আরও বেশি সচেতনতা সৃষ্টির ওপর জোর দেন, যাতে ছোটখাটো বিরোধগুলো স্থানীয়ভাবেই নিষ্পত্তি করা সম্ভব হয় এবং জেলা আদালতের ওপর মামলার চাপ কমে।
أحدث أقدم
দৈনিক আমার পত্রিকা