চিরিরবন্দর উপজেলার দুই শিক্ষার্থীর জাতীয় সাইবার সিকিউরিটি অলিম্পিয়াড ও সেফ ইন্টারনেট দিবসে গৌরবময় সাফল্য



মো: সাব্বির হোসেন, চিরিরবন্দর, দিনাজপুর প্রতিনিধি: 
জাতীয় সাইবার সুরক্ষা এজেন্সি আয়োজিত “Cyber Security Olympiad ২০২৬” ও “Safe Internet Day ২০২৬” উপলক্ষে অনুষ্ঠিত রংপুর বিভাগীয় আঞ্চলিক পর্যায়ের সাইবার সিকিউরিটি প্রতিযোগিতায় গৌরবজনক সাফল্য অর্জন করেছেন দিনাজপুর জেলার চিরিরবন্দর উপজেলার দুই কৃতি সন্তান। তাঁদের এই অর্জনে উপজেলাজুড়ে আনন্দ ও গর্বের পরিবেশ সৃষ্টি হয়েছে।

প্রতিযোগিতায় ৪র্থ স্থান অর্জন করেছেন চিরিরবন্দর উপজেলার ২নং সাতনালা ইউনিয়নের ৫নং ওয়ার্ডের কৃতি সন্তান শাহরিয়ার ইসলাম শান্ত। তিনি বর্তমানে বাংলাদেশ আর্মি ইউনিভার্সিটি অব সায়েন্স এন্ড টেকনোলজি (BAUST)-এর আইসিটি বিভাগের ২য় বর্ষের শিক্ষার্থী। একই প্রতিযোগিতায় ৫ম স্থান অর্জন করেছেন ৫নং আব্দুলপুর ইউনিয়নের ৪নং ওয়ার্ডের কৃতি সন্তান আল শাহরিয়ার শাহিদ। তিনি দিনাজপুর সরকারি কলেজের পদার্থবিজ্ঞান বিভাগের ২য় বর্ষের শিক্ষার্থী।

তথ্যপ্রযুক্তি ও সাইবার নিরাপত্তা বিষয়ে তাঁদের এই সাফল্য নতুন প্রজন্মের জন্য অনুপ্রেরণার দৃষ্টান্ত হয়ে উঠেছে।

সাইবার নিরাপত্তা, তথ্য সুরক্ষা ও নিরাপদ ইন্টারনেট ব্যবহারে তরুণদের সচেতন ও দক্ষ করে তোলার লক্ষ্যে জাতীয় সাইবার সুরক্ষা এজেন্সি এই আয়োজনের উদ্যোগ গ্রহণ করে। প্রতিযোগিতার বিভিন্ন ধাপে অংশগ্রহণকারীদের সাইবার থ্রেট, ডিজিটাল সিকিউরিটি, অনলাইন নিরাপত্তা সচেতনতা, তথ্য সুরক্ষা এবং প্রযুক্তিগত দক্ষতার বিভিন্ন বিষয়ে মূল্যায়ন করা হয়। কঠিন প্রতিযোগিতার মধ্যেও নিজেদের মেধা, দক্ষতা ও পরিশ্রমের মাধ্যমে সেরা স্থান অর্জন করে চিরিরবন্দর উপজেলার মুখ উজ্জ্বল করেছেন এই দুই শিক্ষার্থী।

পরবর্তীতে জাতীয় সাইবার নিরাপত্তা এজেন্সি কর্তৃক বাছাইকৃত শিক্ষার্থীদের নিয়ে আয়োজিত একদিনব্যাপী সাইবার সিকিউরিটি পরীক্ষা, প্রশিক্ষণ ও সেমিনারে অংশগ্রহণ করেন তাঁরা। প্রশিক্ষণে অংশগ্রহণকারী শিক্ষার্থীদের আধুনিক প্রযুক্তি, সাইবার আক্রমণ প্রতিরোধ, নিরাপদ ইন্টারনেট ব্যবহার, ডাটা প্রোটেকশন এবং ডিজিটাল নিরাপত্তা বিষয়ে বাস্তবভিত্তিক ধারণা প্রদান করা হয়। অনুষ্ঠান শেষে সফল অংশগ্রহণকারীদের হাতে আনুষ্ঠানিকভাবে সম্মাননা ক্রেস্ট তুলে দেওয়া হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের প্রো-ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মোঃ শফিকুল ইসলাম সিকদার।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হাবিপ্রবির সিএসই বিভাগের প্রফেসর ড. মোঃ দেলোয়ার হোসেন, প্রফেসর ড. আশিস কুমার মণ্ডল, ইসিই বিভাগের প্রফেসর ড. নাসরিন সুলতানা এবং সিএসই বিভাগের সহযোগী অধ্যাপক ড. মোঃ নাদিম। এছাড়াও উপস্থিত ছিলেন দিনাজপুর সদর উপজেলা আইসিটি অফিসার ফারহান নওরোজসহ অভিভাবকবৃন্দ ও শিক্ষার্থীরা।

অনুষ্ঠানে বক্তারা বলেন, বর্তমান প্রযুক্তিনির্ভর বিশ্বে সাইবার নিরাপত্তা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়। তরুণদের তথ্যপ্রযুক্তিতে দক্ষ হওয়ার পাশাপাশি নিরাপদ ইন্টারনেট ব্যবহারে সচেতন হতে হবে। এ ধরনের আয়োজন শিক্ষার্থীদের ভবিষ্যতে দক্ষ সাইবার সিকিউরিটি বিশেষজ্ঞ হিসেবে গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলেও তাঁরা উল্লেখ করেন।

এই অর্জনের বিষয়ে শাহরিয়ার ইসলাম শান্ত বলেন, “এই সম্মাননা আমাকে নতুনভাবে অনুপ্রাণিত করেছে। ভবিষ্যতে সাইবার সিকিউরিটি নিয়ে আরও কাজ করতে চাই এবং দেশের প্রযুক্তি খাতে অবদান রাখার স্বপ্ন দেখি।”

অন্যদিকে আল শাহরিয়ার শাহিদ বলেন, “এই অর্জন আমার জন্য অনেক বড় অনুপ্রেরণা। ভবিষ্যতে আরও ভালো কিছু করার চেষ্টা থাকবে।”

চিরিরবন্দর উপজেলার দুই কৃতি সন্তানের এই অসাধারণ সাফল্যে পরিবার, শিক্ষকমণ্ডলী, বন্ধু-বান্ধব ও এলাকাবাসী আনন্দ প্রকাশ করেছেন। পাশাপাশি তাঁদের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করেছেন সকলেই।
নবীনতর পূর্বতন
দৈনিক আমার পত্রিকা
দৈনিক আমার পত্রিকা