নারায়ন চন্দ্র রায়, দিনাজপুর প্রতিনিধি:
দিনাজপুরের খানসামা উপজেলার পাকেরহাট বাজারে খাদ্যে ভেজাল প্রতিরোধ এবং নিরাপদ খাদ্য নিশ্চিত করতে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়েছে। বুধবার উপজেলার বিভিন্ন খাদ্য ব্যবসা প্রতিষ্ঠানে এ অভিযান পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) অয়ন ফারহান শামস।
অভিযানকালে বাজারের বিভিন্ন খাদ্যসামগ্রী বিক্রয় ও সংরক্ষণকারী প্রতিষ্ঠান পরিদর্শন করা হয়। এ সময় কয়েকটি প্রতিষ্ঠানে খাদ্যসামগ্রী অস্বাস্থ্যকর ও নোংরা পরিবেশে সংরক্ষণ এবং বিক্রির প্রমাণ পাওয়া যায়।
ভোক্তা অধিকার সংরক্ষণ আইন অনুযায়ী অপরাধ প্রমাণিত হওয়ায় ৫টি দোকানকে মোট ২ হাজার ৫০০ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়। একই সঙ্গে ব্যবসায়ীদের স্বাস্থ্যসম্মত পরিবেশে খাদ্য সংরক্ষণ ও বিক্রয়ের বিষয়ে সতর্ক করা হয়।
নির্বাহী ম্যাজিস্ট্রেট অয়ন ফারহান শামস জানান, জনস্বাস্থ্য সুরক্ষা, নিরাপদ খাদ্য নিশ্চিতকরণ এবং ভোক্তাদের স্বার্থ রক্ষায় এ ধরনের অভিযান নিয়মিত পরিচালনা করা হবে। খাদ্যে ভেজাল ও অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য বিক্রির বিরুদ্ধে প্রশাসনের কঠোর অবস্থান অব্যাহত থাকবে বলেও তিনি উল্লেখ করেন।
স্থানীয় সচেতন মহল এ ধরনের অভিযানকে স্বাগত জানিয়ে বাজারে স্বাস্থ্যসম্মত খাদ্য পরিবেশ নিশ্চিত করতে নিয়মিত তদারকির দাবি জানিয়েছেন।