ভাঙ্গুড়ায় অবৈধভাবে মাটি কাটার দায়ে ৫০ হাজার টাকা জরিমানা



ভাঙ্গুড়া (পাবনা) প্রতিনিধিঃ
পাবনার ভাঙ্গুড়া উপজেলার পাথরঘাটা বিশিপাড়া এলাকায় অবৈধভাবে মাটি কাটার অভিযোগে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়েছে।

বৃহস্পতিবার (২৫ জুন ২০২৬) পরিচালিত অভিযানে হিমু আহমেদ (২৫) নামে এক ব্যক্তিকে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০-এর ১৫(১) ধারায় দোষী সাব্যস্ত করা হয়। তিনি পাবনা জেলার ফরিদপুর উপজেলার সাভার এলাকার আব্দুস সামাদের ছেলে।

ভ্রাম্যমাণ আদালত অভিযুক্তকে ৫০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করেন। সংশ্লিষ্ট সূত্র জানায়, অবৈধভাবে মাটি কাটার অভিযোগের ভিত্তিতে অভিযান পরিচালনা করে এ দণ্ড দেওয়া হয়।

প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, পরিবেশ ও কৃষিজমি রক্ষায় অবৈধভাবে মাটি কাটা এবং বালু উত্তোলনের বিরুদ্ধে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
নবীনতর পূর্বতন
দৈনিক আমার পত্রিকা