বরেন্দ্র সভ্যতার ইতিহাস ও ঐতিহ্য ধারণ করে শিক্ষার্থীদের আদর্শ ও সুনাগরিক হিসেবে গড়ে উঠতে হবে- ভূমিমন্ত্রী



মোঃ সিদ্দিকুর রহমান বাবু, বিশেষ প্রতিনিধিঃ
উচ্চশিক্ষা ও অর্জিত মেধাকে কাজে লাগিয়ে নিজেদের বিকশিত করার পাশাপাশি দেশসেবায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখার আহ্বান জানান তিনি।

শনিবার সকালে রাজশাহীর বরেন্দ্র কলেজ প্রাঙ্গণে উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা-২০২৬ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

ভূমিমন্ত্রী বলেন, বরেন্দ্র অঞ্চল বাংলাদেশের অন্যতম প্রাচীন জনপদ, যার ইতিহাস ও সভ্যতা প্রায় তিন থেকে চার হাজার বছরের পুরোনো। এই অঞ্চলের সংস্কৃতি, ভাষা ও শিক্ষার ঐতিহ্য প্রাচীনকাল থেকেই মানুষকে আলোকিত করে আসছে। তিনি আশা প্রকাশ করেন, বরেন্দ্র কলেজ ভবিষ্যতে এ অঞ্চলের শিক্ষা ও সংস্কৃতির অন্যতম প্রধান কেন্দ্র হিসেবে আরও শক্ত অবস্থান তৈরি করবে।

রাজশাহী অঞ্চলের গৌরবময় ইতিহাস স্মরণ করে মন্ত্রী বলেন, ১৯৬৯ সালের গণ-অভ্যুত্থানের শহীদ ড. শামসুজ্জোহা এবং ১৯৭১ সালের মুক্তিযুদ্ধে বীরশ্রেষ্ঠ মহিউদ্দিন জাহাঙ্গীরের আত্মত্যাগে এ অঞ্চল সমৃদ্ধ হয়েছে। তিনি শিক্ষকদের প্রতি আহ্বান জানান, শিক্ষার্থীদের সামনে এই ইতিহাস ও ঐতিহ্য আরও বিস্তৃতভাবে তুলে ধরতে।

শিক্ষার্থীদের উদ্দেশে তিনি বলেন, জীবনের লক্ষ্য নির্ধারণ করাই সফলতার প্রথম ধাপ। শুধু রাজনীতিতে নয়, বরং দক্ষ প্রকৌশলী, চিকিৎসক, বিজ্ঞানী কিংবা আইনজীবী হয়ে সমাজ ও মানবতার কল্যাণে কাজ করার মানসিকতা গড়ে তুলতে হবে।

বরেন্দ্র কলেজের গভর্নিং বডির সভাপতি তৌফিকুর রহমান লাবলুর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন রাজশাহী উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান আবুল কালাম আজাদ সুইট। স্বাগত বক্তব্য রাখেন কলেজের অধ্যক্ষ রণজিৎ কুমার সাহা।

অনুষ্ঠানে সরকারি ও বেসরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, শিক্ষক, শিক্ষার্থী, সুধীজন এবং গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানের শুরুতে ভূমিমন্ত্রী পরীক্ষার্থীদের হাতে প্রবেশপত্র ও রেজিস্ট্রেশন কার্ড তুলে দেন।

ভূমিমন্ত্রী তাঁর বক্তব্যে শিক্ষার্থীদের ইতিহাস-ঐতিহ্য সম্পর্কে সচেতন হয়ে জ্ঞান, মেধা ও মানবিক মূল্যবোধের সমন্বয়ে দেশের উন্নয়ন ও অগ্রগতিতে অবদান রাখার আহ্বান জানান।
أحدث أقدم
দৈনিক আমার পত্রিকা