রুপম চাকমা, দিঘীনালা প্রতিনিধিঃ
পরিবেশের ভারসাম্য রক্ষা, সবুজায়ন বৃদ্ধি এবং জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলায় দীঘিনালা সেনা জোনের উদ্যোগে ব্যাপক বৃক্ষরোপণ কর্মসূচি ও চারা বিতরণ অনুষ্ঠিত হয়েছে।
রবিবার ২১ জুন নিউজিল্যান্ড এলাকায় অনুষ্ঠিত এ কর্মসূচিতে বিভিন্ন গ্রাম থেকে স্থানীয় জনগণের মাঝে মোট ১,৬০০টি ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা বিতরণ করা হয়। এ সময় দিঘীনালা জোনের অধিনায়ক লেপটেন্যাল কর্ণেল আল আমিন বলেন, একটি সবুজ ও বাসযোগ্য পরিবেশ গড়ে তুলতে বৃক্ষরোপণের বিকল্প নেই। গাছ পরিবেশের ভারসাম্য রক্ষা, বায়ুদূষণ কমানো এবং প্রাকৃতিক দুর্যোগের ঝুঁকি হ্রাসে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তাই প্রত্যেক নাগরিককে অন্তত একটি করে গাছ রোপণ ও পরিচর্যার দায়িত্ব নিতে হবে।
কর্মসূচিতে স্থানীয় বাবুছড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান চয়ন বিকাশ চাকমা, ৩নং কবাখালি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নলেস চাকমাসহ গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং সেনাবাহিনীর সদস্যরা অংশগ্রহণ করেন।
অংশগ্রহণকারীরা দীঘিনালা সেনা জোনের এ উদ্যোগকে স্বাগত জানিয়ে ভবিষ্যতেও এ ধরনের পরিবেশবান্ধব কার্যক্রম অব্যাহত রাখার প্রত্যাশা ব্যক্ত করেন।
দীঘিনালা সেনা জোন কর্তৃপক্ষ জানায়, সবুজায়ন কর্মসূচির অংশ হিসেবে ভবিষ্যতেও বৃক্ষরোপণ ও পরিবেশ সংরক্ষণমূলক বিভিন্ন কার্যক্রম পরিচালনা করা হবে।