মোঃ শামীম আহমেদ, শিবচর প্রতিনিধিঃ
মাদারীপুরের শিবচরে মাদকবিরোধী এক সফল অভিযানে ১৪০০ পিস ইয়াবা এবং মাদক বিক্রির নগদ ৯৫ হাজার টাকাসহ সোলাইমান মিয়া (২৭) নামে এক চিহ্নিত মাদক কারবারিকে আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি)।
মাদারীপুরের শিবচরে মাদকবিরোধী এক সফল অভিযানে ১৪০০ পিস ইয়াবা এবং মাদক বিক্রির নগদ ৯৫ হাজার টাকাসহ সোলাইমান মিয়া (২৭) নামে এক চিহ্নিত মাদক কারবারিকে আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি)।
শুক্রবার (২৬ জুন, ২০২৬) উপজেলার কুতুবপুর ইউনিয়নে গোপন সংবাদের ভিত্তিতে এ যৌথ অভিযান পরিচালিত হয়। অভিযান পরিচালনার সময় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের টিমের সাথে সশরীরে উপস্থিত ছিলেন শিবচর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) এইচ এম ইবনে মিজান।
সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানিয়েছে, আটককৃত মাদক কারবারি সোলাইমানের কাছ থেকে উদ্ধার হওয়া ১,৪০০ পিস ইয়াবার আনুমানিক বাজারমূল্য প্রায় ৭ লাখ টাকা। ইয়াবা উদ্ধারের পাশাপাশি তার হেফাজত থেকে মাদক বিক্রির নগদ ৯৫ হাজার টাকাও জব্দ করা হয়।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে কুতুবপুর এলাকায় এই বিশেষ অভিযানটি চালানো হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদ ও তদন্তে আটক সোলাইমান দীর্ঘদিন ধরে ওই এলাকায় মাদক ব্যবসার সিন্ডিকেটের সাথে জড়িত বলে প্রমাণ পাওয়া গেছে।
এ বিষয়ে শিবচর থানায় আটক সোলাইমান মিয়ার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়েরের প্রক্রিয়া চলছে। এছাড়া এই মাদকের মূল উৎস কোথায় এবং এর সাথে আর কারা জড়িত রয়েছে, তা উদ্ঘাটন করতে ডিএনসি ও প্রশাসনের তদন্ত অব্যাহত রয়েছে বলে জানানো হয়েছে।
